
সোশাল মিডিয়ায় ভুয়ো অন্তরঙ্গ ছবির ঝড়ে বিপাকে ঐশ্বর্য রাই বচ্চন। অভিযোগ, এআই-এর সাহায্যে তৈরি তাঁর একাধিক বিকৃত ছবি ঘুরছে নেটদুনিয়ায়। বিষয়টি সামনে আসতেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন তিনি।
ঐশ্বর্যের দাবি, এই ছবিগুলি সম্পূর্ণ মিথ্যে এবং এআই দিয়ে বানানো। এগুলি ব্যবহারের জন্য তিনি কখনওই অনুমতি দেননি। শুধু তাই নয়, বিভিন্ন ই-কমার্স সংস্থা বর্তমানে অভিনেত্রীদের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন করছে—এই প্রবণতার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ চান তিনি।
অভিযোগ উঠেছে, ঐশ্বর্যের ছবি ব্যবহার করে কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী বাজারে আসছে। পাশাপাশি, তাঁর অন্তরঙ্গ ভুয়ো ছবি তৈরি করে সোশালে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঐশ্বর্যের আইনজীবী আদালতে প্রমাণ জমা দিয়েছেন এবং দাবি করেছেন, অভিনেত্রীর ছবি যেন কোনও অসৎ উদ্দেশ্যে ব্যবহার না হয়।
তবে এই ঘটনা নতুন নয়। গত বছর নভেম্বরে অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিয়েছিল। দিল্লি হাইকোর্টে মামলা করে তিনি নিষেধাজ্ঞা জারি করিয়েছিলেন, যাতে তাঁর ছবি ও কণ্ঠস্বর বিনা অনুমতিতে ব্যবহার করা না যায়। আসলে এআই চালু হওয়ার পর থেকেই বহু তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের জাল ছবি সোশালে ছড়াচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। সম্প্রতি শ্রেয়া ঘোষাল ও সোনাক্ষী সিনহার ক্ষেত্রেও এমন ঘটনার অভিযোগ উঠেছিল। এবার সেই একই কারণে ক্ষোভে ফেটে পড়লেন ঐশ্বর্য রাই বচ্চন।



