বলিউড

বানভাসি পাঞ্জাবের ১৫০০ পরিবারের পাশে দাঁড়ালেন শাহরুখ, নিঃশব্দেই মানবসেবায় ‘বাদশা’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Shah Rukh Khan : বানভাসি পাঞ্জাবের ১৫০০ পরিবারের পাশে দাঁড়ালেন শাহরুখ, নিঃশব্দেই মানবসেবায় ‘বাদশা’ - West Bengal News 24

শাহরুখ খান – ইন্ডাস্ট্রির ‘কিং’, ভক্তদের মনে ‘বাদশা’, আর অসহায়দের কাছে যেন ভরসার নাম। বহুবার মানবিকতার উদাহরণ দিয়েছেন তিনি। এবার পাঞ্জাবের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এগিয়ে এলেন বলিউড তারকা। সিনেমার শুটিং কিংবা ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজের প্রচারে ব্যস্ত থাকলেও তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’-এর মাধ্যমে নিয়মিতই তিনি মানবসেবায় যুক্ত। বন্যাকবলিত পাঞ্জাবও সেই তালিকা থেকে বাদ গেল না।

গত ৩৭ বছরে এত ভয়ঙ্কর বন্যা দেখেনি পাঞ্জাব। টানা ভারী বৃষ্টিতে রাজ্যের বহু অঞ্চল জলের তলায়। বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আপ সরকার পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ ঘোষণা করেছে। সেনা, নৌবাহিনী ও বায়ুসেনা দিনরাত উদ্ধারে ব্যস্ত। এই অবস্থাতেই নিঃশব্দে ১৫০০ পরিবারকে দত্তক নিলেন শাহরুখ খান।

বলিউড সূত্রে জানা গিয়েছে, তাঁর সংস্থা ‘মীর ফাউন্ডেশন’ স্থানীয় সংগঠনগুলির সঙ্গে মিলে উদ্ধারকার্যে যুক্ত হয়েছে। ত্রাণ হিসেবে পাঠানো হচ্ছে খাবার, বিশুদ্ধ জল, মশারি, তোষক, ফোল্টিং কাট ও ওষুধপত্র। পাশাপাশি চিকিৎসার দায়িত্বও নিয়েছেন শাহরুখ। অমৃতসর, পাতিয়ালা, ফিরোজপুর, ফজিলকা-সহ পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই সাহায্য। ‘মীর ফাউন্ডেশন’-এর প্রতিশ্রুতি, শুধু খাদ্য ও আশ্রয় নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মাথার উপরে নতুন ছাদ গড়ে তুলতেও সহযোগিতা করবে তারা।

এর আগেই এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছিলেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষদের জন্য আমার মন কাঁদছে। সকলের জন্য প্রার্থনা করছি এবং ঈশ্বরের কাছে শক্তি কামনা করছি। পাঞ্জাবের মনোবল যেন কখনও ভেঙে না পড়ে। ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন।’ এখন সেই প্রার্থনার পাশাপাশি ১৫০০ পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিলেন বলিউডের বাদশা।

আরও পড়ুন ::

Back to top button