ক্রিকেট

‘খেলা খেলার মতোই চলুক…’, ভারত-পাক ম্যাচ নিয়ে আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘খেলা খেলার মতোই চলুক…’, ভারত-পাক ম্যাচ নিয়ে আবেদন খারিজ সুপ্রিম কোর্টের - West Bengal News 24

১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তার আগে ম্যাচটি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানান চারজন আইন শিক্ষার্থী। তাঁদের দাবি, পহেলগাঁও কাণ্ডের কারণে এই ম্যাচ আয়োজন করা উচিত নয়। তবে বৃহস্পতিবার শুনানিতে সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

বিচারপতি জে কে মহেশ্বরী ও বিজয় বিষ্ণোইয়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, “এতে এত তাড়াহুড়ো কেন? এটি নিছকই একটি ম্যাচ। খেলা খেলার মতোই চলুক। এই রবিবার খেলা? আমরা কি করতে পারি? খেলা হতে দিন।” এর মাধ্যমে আদালত পরিষ্কার করে দেয়, ভারত-পাক ম্যাচে তারা কোনওভাবেই হস্তক্ষেপ করতে চাইছে না। পাশাপাশি জানানো হয়, আন্তর্জাতিক ম্যাচ নিয়ে আবেগতাড়িত সিদ্ধান্ত নেওয়া যায় না। উল্লেখ্য, এই মামলার নেতৃত্বে ছিলেন আইন শিক্ষার্থী উর্বশী জৈন।

আবেদনকারীদের বক্তব্য ছিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় এমন ম্যাচ আয়োজন জাতির মর্যাদা ও জনমতের পরিপন্থী। তবে সুপ্রিম কোর্ট তাদের যুক্তি খারিজ করে দেয়।

প্রসঙ্গত, ওই ঘটনার পর লেজেন্ডস লিগে ইরফান পাঠান ও হরভজন সিং পাকিস্তানের প্রাক্তন তারকাদের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিলেন। কিন্তু সেসব বিতর্ক পাশ কাটিয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাচ্ছে বিসিসিআই। ফলে ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে। কেউ কেউ মনে করছেন, হিংসা আর খেলাধুলো একসঙ্গে মিশতে পারে না, আবার অনেকে চান ক্রিকেটীয় সম্পর্ক বজায় থাকুক। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টও ম্যাচ আয়োজনে সবুজ সংকেত দিয়েছে। তাই রবিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে মরিয়া ভারতীয় দল।

আরও পড়ুন ::

Back to top button