“সুরে সুরে কাটুক জীবন” – ইমনের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা স্বামী নীলাঞ্জনের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

১৩ সেপ্টেম্বর জন্মদিন ছিল সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন স্বামী, সুরকার নীলাঞ্জন ঘোষ। প্রতি বছরের মতো এবছরও ইমনের জন্মদিন হয়ে উঠল বিশেষ, কাছের মানুষদের ভালোবাসায়।
রাত বারোটা বাজতেই কেক কেটে নিজের আপনজনদের সঙ্গে উদযাপন করেন ইমন। এবছরও তাঁর মিউজিক অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা কেক নিয়ে হাজির হয়। কেকের টেবিল ঘিরেই তাঁদের গানের তালিম দেন ইমন। এদিন নীলাঞ্জন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লেখেন, ‘হ্যাপি বার্থডে আমার ভালোবাসা। এই ভাবেই মাঠেঘাটে ঘুরে ঘুরে সুরে সুরে কাটুক জীবন। আমি তোমাকে সারাজীবন ভালবাসবো।’
স্ত্রীয়ের জন্মদিনের সব আয়োজন নিজে হাতে করেন নীলাঞ্জন। ফ্যানরাও শুভেচ্ছায় ভরিয়ে দেন ইমনকে। কয়েকদিন আগেই গায়িকা নতুন হেয়ারস্টাইল নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে নীলাঞ্জন খুশি হলেও ইমনের বাবা রেগে গিয়েছিলেন—সে নিয়েই মজা করেন ইমন। অন্যদিকে, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল একটি ভুয়ো পোস্ট, যেখানে দাবি করা হয়েছিল ইমনকে মারধর করেছেন নীলাঞ্জন। পরে তাঁরা জানান, সেই মিথ্যা খবরের কারণে তাঁদের সমস্যায় পড়তে হয়েছিল।



