
ভারতের রেল মানচিত্রে যুক্ত হল মিজোরাম। শনিবার সকালে আইজল বিমানবন্দর থেকে ভৈরবী-সাইরাং রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এদিন শুধু নতুন প্রকল্পের সূচনা নয়, বিরোধীদের উদ্দেশ্যেও তোপ দাগলেন তিনি। মোদি বলেন, “বহু বছর ধরে আমাদের দেশের কিছু রাজনৈতিকদল শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। তাঁর সেইসব জায়গাতেই রাজনীতি করেছে যেখানে তাদের ভোট এবং আসন বেশি ছিল। এই বিরূপ মনোভাবের কারনে মিজোরাম-সহ সম্পূর্ণ উত্তর-পূর্ব ভারতকে ভুগতে হয়েছে।”
বর্ষণমুখর আবহাওয়ার কারণে অনুষ্ঠানস্থলে হেলিকপ্টারে যেতে না পারলেও, আইজল বিমানবন্দর থেকেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিনই তিনি যোগ করেন, “আমরা আলাদা পন্থায় বিশ্বাসী। যারা আগে অবহেলিত ছিল তারাই এখন সামনের সারিতে রয়েছে। যাদেরকে আগে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তারাই এখন মূলধারায় যুক্ত হয়েছে।”
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, “আমি খুশি তিনি দু’বছর পরে অবশেষে মণিপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরও আগেই সেখানে যাওয়া উচিত ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক তিনি এতদিন ধরে মণিপুরে সংঘর্ষ এবং এত মানুষের হত্যার সুযোগ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীদের এমন ইতিহাস নেই। যে দলেরই হোন তিনি, মানুষের দুঃখে সেখানে পৌঁছানোর কথা। স্বাধীনতার পর থেকে তাই হয়েছে।”
শনিবারই চালু হয় সাইরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস—রাজ্যের প্রথম রাজধানী এক্সপ্রেস ট্রেন। ভৈরবী-সাইরাং প্রকল্পে বিনিয়োগ হয়েছে প্রায় ৮ হাজার ৭০ কোটি টাকা। এই রেলপথে তৈরি হয়েছে ৪৫টি টানেল ও ১৪২টি সেতু। এর মধ্যে সাইরাংয়ের কাছে ১৪৪ নম্বর সেতুটি বিশেষভাবে উল্লেখযোগ্য—১১৪ মিটার উঁচু এই সেতুটি কুতুব মিনারের থেকেও উঁচু।



