খুদেদের নিয়ে বিতর্ক, ‘বেঙ্গল ফাইলস’ দেখানোয় অগ্নিহোত্রীর বিরুদ্ধে ধ্রুব রাঠির কটাক্ষ
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শুরু থেকেই আলোচনায় ছিল বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। কখনও বাংলার ইতিহাস বিকৃত করার অভিযোগে, আবার কখনও প্রোপাগান্ডা সিনেমা তৈরির দায়ে সমালোচনার মুখে পড়েছেন পরিচালক। বক্স অফিসে সেভাবে সাড়া না পেলেও এবার নতুন বিতর্ক—প্রাপ্তবয়স্কদের সঙ্গে শিশুদেরও এই ছবি দেখানো হয়েছে। আর সেই নিয়েই মুখ খুললেন ইউটিউবার ধ্রুব রাঠি।
তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, “আপনি সত্যিই একটা প্রাপ্তবয়স্ক সিনেমা বাচ্চাদের দেখাচ্ছেন? এটা তো অপরাধ বলে গণ্য হওয়া উচিত। এত রক্তপাত, হিংস্রতা দেখিয়ে আপনি তো ওদের শৈশবটাকে নষ্ট করে দিচ্ছেন।” এই অভিযোগের সূত্রপাত অগ্নিহোত্রীর একটি পোস্ট থেকে। হলভর্তি দর্শকের ছবি শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘এই একটা ছবিতেই সব উত্তর রয়েছে।’ সেই ছবিতেই দেখা যায় প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের উপস্থিতিও। ট্রেলার ও টিজারেই যেখানে রক্তপাত ও হিংস্র দৃশ্য ভরপুর, সেখানে খুদেদের উপস্থিতি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।
প্রসঙ্গত, সেন্সর বোর্ড থেকে ইতিমধ্যেই ছবিটি A সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ এটি প্রাপ্তবয়স্কদের জন্যই নির্ধারিত। তবুও ১৮ বছরের নিচে শিশুদের দেখানোয় অগ্নিহোত্রীর তীব্র সমালোচনা করেছেন ধ্রুব রাঠি।
এদিকে বাংলার ইতিহাস বিকৃত করার অভিযোগে ছবিটি রাজ্যে মুক্তি পায়নি। তবে বাঙালি দর্শককে দেখাতে মরিয়া পরিচালক। খবর, শনিবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে বিজেপি ঘনিষ্ঠ সংগঠন ‘খোলা হাওয়া’। সেখানেই উপস্থিত থাকবেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পল্লবী যোশি।



