
দুর্গাপুজোর আগে রাজ্যে অগ্নি-নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিল দমকল দফতর। দমকল মন্ত্রী সুজিত বসু ঘোষণা করেছেন, এ বছর উৎসবের মরশুমে রাজ্যে চালু হবে ৯৭টি অস্থায়ী দমকল কেন্দ্র। পুজোর দিনগুলিতে যাতে কোনও বিপত্তি না ঘটে, তার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর দমকলের ডিজির নেতৃত্বে বড় বড় পুজো মণ্ডপগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে।
মঙ্গলবার নিউটাউন দমকল কেন্দ্র পরিদর্শন করে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেখানে উৎসব চলাকালীন দমকলের প্রস্তুতি ও দুর্ঘটনা মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসু জানান, রাজ্যে অস্থায়ী কেন্দ্র ছাড়াও কলকাতা ও শহরতলিতে থাকছে ২৫টি ফায়ার কিয়স্ক। পাশাপাশি, পুজোর আগে রেডিওর মাধ্যমে জনসচেতনতা বাড়াবে দমকল দফতর।
এছাড়াও দমকল দফতরের পরিকাঠামো আরও শক্তিশালী করতে নতুন ২৫টি স্থায়ী দমকল কেন্দ্র শিগগিরিই তৈরি হবে বলে ঘোষণা করেন মন্ত্রী। তাঁর কথায়, “দমকল বিভাগের কাজকর্ম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ২০১১ সালে রাজ্যে ১০৯টি দমকল কেন্দ্র ছিল। বর্তমানে বাংলার দমকল কেন্দ্রের সংখ্যা ১৬৬। আগামীতে দমকল বিভাগ আরও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করবে। কাজে লাগানো হবে ফায়ার ড্রোন এবং রোবট।” আদালতের জট কেটে গেলে নতুন নিয়োগও শুরু হবে বলে জানান তিনি।



