জাতীয়

৭৫-এ মোদি, দেশ-বিদেশ থেকে শুভেচ্ছার বন্যা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Narendra Modi : ৭৫-এ মোদি, দেশ-বিদেশ থেকে শুভেচ্ছার বন্যা - West Bengal News 24

৭৫ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন দেশ থেকে বিদেশ— রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে বিরোধী নেতারাও এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীর প্রতি জানালেন অভিনন্দন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক নেতা শুভেচ্ছা জানান। শুধু দেশ নয়, আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভকামনা পৌঁছেছে। শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও।

সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম, অসাধারণ নেতৃত্বের মাধ্যমে আপনি দেশকে মহান লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন। আজ গোটা বিশ্ব আপনার দেখানো পথে ভারতের মতাদর্শের প্রতি আস্থা রেখেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার আসাধারণ নেতৃত্বে আপনি এই জাতিকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যান।’

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ত্যাগ ও নিষ্ঠার প্রতীক, লক্ষ লক্ষ দেশবাসীর অনুপ্রেরণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ৭৫তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশবাসীর কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মোদিজি। ‘রাষ্ট্র সবার আগে’ প্রতিটি নাগরিকের কাছে এই মতাদর্শের জীবন্ত অনুপ্রেরণা প্রধানমন্ত্রী।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘কিছু অভিজ্ঞতা ইতিহাসের গতিপথ নির্ধারণ করে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা ছিল তেমনই। ঝাঁসিতে তাঁর বক্তৃতায়, আমি ভবিষ্যতের নেতৃত্বের স্ফুলিঙ্গ দেখতে পেয়েছিলাম। শৃঙ্খলা, সংগঠনের প্রতি নিষ্ঠা, গভীর জ্ঞান এবং প্রতিটি বাধাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার সাহস – এই গুণাবলীই তাঁকে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যোগ্য নেতা করে তুলেছে।’

বিরোধী শিবির থেকেও প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা আসতে ভোলেনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন ও দীর্ঘায়ু দিন।’ অন্যদিকে, রাহুল গান্ধী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনে অনেক শুভেচ্ছা।’ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তায় জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’

আন্তর্জাতিক পর্যায় থেকেও শুভেচ্ছা পৌঁছেছে প্রধানমন্ত্রীকে। আগের রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জন্মদিনের শুভেচ্ছা জানান। সকালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন ভিডিও বার্তায় বলেন, “নমস্কার, আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদি… আমার এবং নিউজিল্যান্ড-জুড়ে আপনার সকল বন্ধুদের পক্ষ থেকে আপনাকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা।”

আরও পড়ুন ::

Back to top button