
একাধিক জটিলতা আর নাটকীয়তার পর অবশেষে এশিয়া কাপের ময়দানে নামল পাকিস্তান। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে হঠাৎই ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন সলমন আলি আঘারা। দিনের পর দিন টালবাহানার পর অবশেষে পাক দল মাঠে আসে, যদিও নির্ধারিত সময়ের থেকে এক ঘণ্টা দেরিতে টস অনুষ্ঠিত হয়। টসে হেরে পাকিস্তানকে ব্যাট করতে হয় শুরুতেই।
হ্যান্ডশেক বিতর্ককে কেন্দ্র করে বয়কটের হুমকি দেয় শাহিন আফ্রিদিরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিযোগ ছিল, ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তাঁকে এশিয়া কাপ থেকে সরানো না হলে খেলা হবে না—এমনও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, পাইক্রফটকে সরানোর প্রশ্নই ওঠে না। বুধবার সকালেও তাঁকে অপসারণের আবেদন করে পিসিবি, যা দ্রুতই খারিজ করে আইসিসি।
সূত্র জানায়, এরপরেই পাক শিবিরে বয়কটের সিদ্ধান্ত কার্যত পাকা হয়ে যায়। ক্রিকেটারদের মাঠে না যাওয়ার নির্দেশ আসে বোর্ড থেকে। এমনকি যাঁরা বাসে উঠেছিলেন, তাঁদের নেমে হোটেলে ফিরে আসতেও বলা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করে। পিসিবির মুখপাত্র ঘোষণা করেন, ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে নাটকের কেন্দ্রবিন্দু পাইক্রফটকে ডাকা হয় আইসিসি হেডকোয়ার্টারে। যদিও ম্যাচ পিছোনোর সিদ্ধান্ত কীভাবে কার্যকর হলো, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
শেষ পর্যন্ত পাক বোর্ডের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ভারত-পাক ম্যাচে নিজের ব্যবহারের জন্য পাইক্রফট দুঃখ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, ভুল বোঝাবুঝির কারণেই দুই দলের অধিনায়ককে হ্যান্ডশেক করতে বারণ করেছিলেন। পাশাপাশি ওই ঘটনার তদন্ত শুরু হবে বলেও জানায় আইসিসি। এর পর পাক অধিনায়ক টসে অংশ নেন। তবে সেই মুহূর্তে চলমান নাটক নিয়ে আর কেউই মুখ খোলেননি।



