আত্মনির্ভরতার পথে পদক্ষেপ, নবরাত্রিতে নতুন জিএসটি কাঠামো উপহার দিল কেন্দ্র
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নবরাত্রির সূচনায় আত্মনির্ভরতার পথে নতুন পদক্ষেপ নিল কেন্দ্র। আগামীকাল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে GST সাশ্রয় উৎসব। নারী থেকে ব্যবসায়ী— সকলে এই সিদ্ধান্তের সুফল পাবেন বলে মনে করা হচ্ছে। এতদিন বিভিন্ন কর ব্যবস্থার জটিলতায় ভোগান্তি ছিল সাধারণ মানুষের। এবার সূর্যোদয়ের সঙ্গেই কার্যকর হবে নতুন জিএসটি কাঠামো। এই সিদ্ধান্ত দেশের অগ্রযাত্রাকে আরও গতি দেবে বলে মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া বার্তায় তিনি নতুন ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, “এখন থেকে শুধুমাত্র ৫ শতাংশ এবং ১৮ শতাংশ GST থাকবে।” এর ফলে সাধারণ মানুষ বিশেষত গরিব ও মধ্যবিত্তদের অনেক উপকার হবে। তিনি আরও বলেন, “আগামিকাল থেকে দেশবাসীর সাশ্রয় উৎসব শুরু হবে। এর ফলে দেশবাসীর সঞ্চয় বৃদ্ধি পাবে এবং অনেক পণ্য সস্তা হয়ে যাবে।”
সরকারের দাবি, নতুন কাঠামোয় খাদ্যদ্রব্য, ওষুধ, সাবান, স্বাস্থ্য ও জীবন বিমা সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে। একই সঙ্গে স্কুটি, বাইক ও গাড়িও সস্তা হবে। মোদি জানান, বহু পণ্য করমুক্ত করা হয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে কর কমিয়ে ৫ শতাংশে নামানো হয়েছে। সময়ের চাহিদা অনুযায়ী ও বিভিন্ন পক্ষের মতামত নিয়ে নবরাত্রিতে দেশবাসীকে নতুন জিএসটি কাঠামো উপহার দেওয়া হচ্ছে।
জাতির উদ্দেশে বার্তায় আরও একবার আত্মনির্ভরতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দেশের স্বাধীনতা আন্দোলন যেমন স্বদেশি মন্ত্রে শক্তি পেয়েছে, তেমনই দেশের উন্নতিতেও স্বদেশি মন্ত্রই শক্তি জোগাবে।” রবিবার তিনি দেশবাসীকে বিদেশি পণ্যের আসক্তি থেকে বেরিয়ে আসার ডাক দেন।



