রাজ্য

‘জিএসটির কৃতিত্ব রাজ্যের’- মোদিকে কটাক্ষ মমতার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : ‘জিএসটির কৃতিত্ব রাজ্যের’- মোদিকে কটাক্ষ মমতার - West Bengal News 24

‘জিএসটি কৃতিত্ব রাজ্যের, ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনও অবদান নেই’— এই ভাষাতেই কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে তিনি সরাসরি কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আগামীকাল, সোমবার থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে নতুন GST কাঠামো। এর ফলে একাধিক পণ্যের দাম হ্রাস পাবে। বিষয়টি নিয়ে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই মুখ্যমন্ত্রী পালটা আক্রমণ চালান। তাঁর অভিযোগ, ”কাটল টাকা আমাদের, প্রচার হচ্ছে ওঁদের।” পাশাপাশি তিনি দাবি করেন, বহু প্রকল্পের টাকা এখনও রাজ্যের কাছে বকেয়া পড়ে আছে। অথচ কেন্দ্র কোনও ক্ষতিপূরণ দিচ্ছে না।

মহালয়ার দিনে কলকাতা ও রাজ্যের বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমে সেলিমপুর পল্লীর উদ্বোধন সেরে, পরে বাবুবাগান, বান্ধব সম্মিলনী, যোধপুর পার্ক ৯৫ পল্লী-সহ একাধিক পুজো ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন তিনি। সেখান থেকেই মমতা একদিকে বাঙালি পরিচয় ও সংস্কৃতিকে রক্ষা করার বার্তা দেন, অন্যদিকে নতুন জিএসটি কাঠামো নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেন।

এদিন তিনি বলেন, ”বিমা থেকে জিএসটি তুলে নিতে প্রথমে আমিই চিঠি লিখেছিলাম। মানুষের কষ্ট হচ্ছিল। এর কৃতিত্ব সম্পূর্ণ রাজ্যের।” মুখ্যমন্ত্রীর দাবি, এই সিদ্ধান্তের জন্য রাজ্যের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে। তাঁর ভাষায়, ”এজন্য রাজ্যের রাজস্ব লোকসান হচ্ছে ৯০০ কোটি টাকা। বাদবাকি নিয়ে প্রায় ২০ হাজার কোটি টাকার কাছাকাছি রাজস্ব ক্ষতি হচ্ছে।”

মমতা আরও বলেন, ”টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে। এজন্য কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না”। তাঁর অভিযোগ, বিজেপি ইচ্ছেমতো রাজ্যগুলিকে টাকা বরাদ্দ করছে। ”১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা বকেয়া” বলেও দাবি করেন তিনি। তবে মুখ্যমন্ত্রী এও জানান, এই সিদ্ধান্তে মানুষ উপকৃত হবে, আর সেই দিক থেকে তিনি সন্তুষ্ট।

অন্যদিকে রবিবার বিকেলে প্রধানমন্ত্রী মোদি নতুন জিএসটি কাঠামোর কথা তুলে ধরেন। তাঁর কথায়, “এখন থেকে শুধুমাত্র ৫ শতাংশ এবং ১৮ শতাংশ GST থাকবে।” যা কার্যকর হলে বহু জিনিসের দাম কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য