নয়া জিএসটি হারে কেনাকাটায় সমস্যা হলে কোথায় জানাবেন অভিযোগ? রইল সম্পূর্ণ তথ্য
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি। সেই দিন থেকেই কার্যকর হবে নতুন জিএসটি হার। এর ফলে সাবান, শ্যাম্পু, শিশুপণ্য, জীবন ও স্বাস্থ্য বিমা সহ নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আরও সস্তায় পাওয়া যাবে। সারা দেশে এই নিয়ম কার্যকর করতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। আর এজন্য গ্রাহকদের অভিযোগ জানানোর সুবিধার্থে চালু হয়েছে বিশেষ পোর্টাল। এখানে নতুন জিএসটি হারে বিলিং, ছাড় অথবা অন্য কোনও অনিয়ম হলে অভিযোগ জানানো যাবে।
জাতীয় গ্রাহক হেল্পলাইনের (https://consumerhelpline.gov.in) ইন্টিগ্রেটেড গ্রিভান্স রিড্রেসাল মেকানিজম (IGRAM) পোর্টালে তৈরি হয়েছে জিএসটি অভিযোগ জানানোর জন্য আলাদা বিভাগ। এর মধ্যে আবার অটোমোবাইল, ব্যাঙ্কিং, এফএমসিজি (FMCG) ও ই-কমার্স সহ একাধিক খাতভিত্তিক উপ-বিভাগ রাখা হয়েছে।
শুধু ওয়েবসাইট নয়, টোল-ফ্রি নম্বর ১৯১৫, এনসিএইচ অ্যাপ, হোয়াটসঅ্যাপ, এসএমএস, ইমেল কিংবা উমঙ্গ অ্যাপের মাধ্যমেও অভিযোগ নথিভুক্ত করা যাবে। এই পরিষেবা পাওয়া যাবে ১৭টি ভাষায়—বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, গুজরাতি, অসমিয়া সহ। অভিযোগ জমা দেওয়ার পর প্রতিটি গ্রাহককে দেওয়া হবে একটি অনন্য ডকেট নম্বর, যা দিয়ে তিনি অভিযোগের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। সময়মতো সমাধান নিশ্চিত করতে এই তথ্য পাঠানো হবে সংশ্লিষ্ট কোম্পানি, কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC) এবং অন্যান্য নিয়ন্ত্রকের কাছে।
শিল্প বিশেষজ্ঞদের মতে, নতুন এই পোর্টাল চালু হওয়ায় গ্রাহকরা সহজেই বুঝতে পারবেন জিএসটি হ্রাসের সুফল তারা পাচ্ছেন কিনা এবং কোথায় অসঙ্গতি ঘটছে। এর ফলে খুচরো পর্যায়ে কর সংস্কারের বাস্তবায়ন আরও কার্যকর হবে।
এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার চালু করেছে আরেকটি বিশেষ ওয়েবসাইট — https://savingswithgst.in/। এখানে জিএসটি কার্যকর হওয়ার আগে এবং পরের দামের তুলনা করা যাবে। ফলে গ্রাহকরা প্রতিটি পণ্যে কতটা সাশ্রয় করছেন তা সহজেই জানতে পারবেন। এই ওয়েবসাইটে খাদ্যদ্রব্য, গৃহস্থালী সামগ্রী, ইলেকট্রনিক্স, স্ন্যাকস সহ একাধিক বিভাগ রাখা হয়েছে।



