
প্রবল বৃষ্টিপাত ও দুর্যোগের কারণে নির্ধারিত সময়ের আগেই সরকারি স্কুলে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ”আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই সমস্ত স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক। আর অন্যান্য স্কুল, যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন, তারা তো আমাদের কথা শোনে না। তবু আমি তাদের কাছে অনুরোধ করেছি যে, দু’দিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয়, তাহলে যেন অনলাইনে ক্লাস হয়। কোভিডের সময় যেমন হচ্ছিল।” এরপরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
রাজ্যে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে দুর্যোগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সব স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
আগামী রবিবার ষষ্ঠী থেকে দুর্গাপুজো শুরু হলেও সাধারণত সরকারি স্কুলগুলিতে ছুটি শুরু হয় চতুর্থী থেকে। কিন্তু সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে শহরের পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে মুখ্যমন্ত্রী দ্বিতীয়াতেই আগাম ছুটির ঘোষণা করতে বাধ্য হন। তবে আগেভাগে ছুটি পড়লেও পরিবেশ এতটাই বিপজ্জনক যে খুশির আবহ তৈরি হয়নি। মঙ্গলবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও ছুটি ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, ”শুধু আজ ছুটি দিলে হবে না। আগামিকালও (বুধবার) এমন দুর্যোগ থাকবে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে অন্তত দুটো দিন ছুটি দিন। বাচ্চারা নইলে সমস্যায় পড়বে।”
অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার ফলে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে শহর আবারও জলবন্দি হয়ে পড়তে পারে। মুখ্যমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, গঙ্গায় মহালয়ার পর থেকেই প্রবল জোয়ার চলছে। জল বেরনোর জায়গা নেই, তাই শহরবাসীকে অযথা বাইরে বেরোতে মানা করেছেন তিনি।



