
চতুর্থীতে দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজো চেতলা অগ্রণী ক্লাবের মণ্ডপ খুলেছিল ভক্তদের জন্য। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তা আবার বন্ধ রাখতে হল। বৃহস্পতিবার সকালে আকস্মিকভাবে মণ্ডপে আগুন লাগে বলে জানা গিয়েছে। নিরাপত্তার কারণে আপাতত সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
উদ্যোক্তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। যদিও অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির খবর এখনও নেই। কবে ফের মণ্ডপ খোলা হবে, তা পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের তরফে দর্শনার্থীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে।
ফেসবুক পোস্টে চেতলা অগ্রণীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এক অভূতপূর্ব দুর্ঘটনার কারণে আমাদের চেতলা অগ্রণী ক্লাব প্যান্ডেল আজ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বন্ধ থাকবে। ভক্ত এবং দর্শনার্থীদের জন্য এটি কখন খোলা হবে তা আমরা শীঘ্রই আবার জানিয়ে দেব। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটে। যদিও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার সারাদিন মণ্ডপে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এবছরের চেতলা অগ্রণীর থিম – অমৃত কুম্ভের সন্ধানে। সাহিত্যিক সমরেশ বসুকে শ্রদ্ধা জানিয়ে এই থিম তৈরি করেছে উদ্যোক্তারা।
মণ্ডপের প্রতিমার চক্ষুদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বহু মানুষ তৃতীয়া থেকেই মণ্ডপ দর্শন করেছেন। কিন্তু অগ্নিকাণ্ডের কারণে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সাময়িকভাবে বন্ধ হয়ে গেল এই পুজো। কবে আবার মণ্ডপ খোলা হবে, তা জানার অপেক্ষায় এখন উৎসবপ্রেমীরা।



