কলকাতা

পুজোয় রাতভর ট্রেন, শিয়ালদহ উত্তর-দক্ষিণ শাখায় অতিরিক্ত ৩১ লোকাল চালু

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পুজোয় রাতভর ট্রেন, শিয়ালদহ উত্তর-দক্ষিণ শাখায় অতিরিক্ত ৩১ লোকাল চালু - West Bengal News 24

পুজোর আনন্দে এবার নির্ভরযোগ্য সঙ্গী লোকাল ট্রেন। শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় রাতভর চলবে ট্রেন পরিষেবা। বৃহস্পতিবার প্রকাশিত পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত অতিরিক্ত ৩১টি ট্রেন চালানো হবে। এর মধ্যে উত্তর শাখায় চলবে ১৯টি এবং দক্ষিণ শাখায় ১২টি ট্রেন। ফলে কলকাতার পুজো দেখে রাত হলেও বাড়ি ফেরার চিন্তা থাকবে না।

পুজোর ভিড় সামলাতে রেল কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা জোরদার করতে পঞ্চমী থেকে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে বাড়তি আরপিএফ মোতায়েন করা হবে। এর পাশাপাশি যাত্রীদের সুবিধায় চালানো হবে অতিরিক্ত ট্রেন।

উত্তর শাখায় রানাঘাট-শিয়ালদহ রুটে যুক্ত হচ্ছে ৬টি ট্রেন যার মধ্যে রয়েছে ২টি শিয়ালদহ-রানাঘাট, ২টি নৈহাটি-রানাঘাট এবং ২টি শিয়ালদহ-নৈহাটি লোকাল। এগুলো রাত ৯টা ৪০ থেকে ভোর ৩টা ১০ পর্যন্ত চলবে। শিয়ালদহ-কল্যাণী রুটে বাড়তি ৪টি ট্রেন চলবে রাত ৯টা ১০ থেকে রাত ২টা ৫৫ পর্যন্ত। রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর শাখায় ৫টি ট্রেন যুক্ত হচ্ছে, যা রাত ১১টা ৪৫ থেকে ভোর ৪টা ৫৫ পর্যন্ত চলবে। এছাড়াও বনগাঁ-বারাসত-শিয়ালদহ শাখায় ৪টি বাড়তি ট্রেন চলবে রাত ১০টা ২০ থেকে ভোর ৪টা ৩০ পর্যন্ত।

অন্যদিকে, দক্ষিণ শাখায় শিয়ালদহ-বারুইপুর রুটে যুক্ত হচ্ছে ৬টি ট্রেন, চলবে রাত ১১টা ৪০ থেকে ভোর ৪টা ৩০ পর্যন্ত। শিয়ালদহ-বজবজ লাইনে আরও ৬টি ট্রেন চালানো হবে, যা চলবে রাত ১১টা ৩০ থেকে ভোর ৩টা ৪০ পর্যন্ত।

সুতরাং পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কলকাতার পুজো ভ্রমণে যাত্রীরা নিশ্চিন্তে নির্ভর করতে পারবেন লোকাল ট্রেনের উপর।

আরও পড়ুন ::

Back to top button