পুজোয় যাত্রী সুরক্ষায় কড়া নজরদারি, পঞ্চমী থেকে পূর্ব রেলের বাড়তি ব্যবস্থা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পুজোর সময় ভিড় নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ সেপ্টেম্বর অর্থাৎ পঞ্চমী থেকে হাওড়া ও শিয়ালদহ শাখায় মোতায়েন করা হবে অতিরিক্ত রেল পুলিশ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে থাকবে বাড়তি মহিলা আরপিএফও। পাশাপাশি দর্শনার্থীদের চাপ সামলাতে শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে অতিরিক্ত টিকিট কাউন্টার। এদিন ১ নম্বর প্ল্যাটফর্মে ‘প্রফুল্ল দ্বার’ উদ্বোধন হয়েছে, যেখান দিয়ে যাত্রীরা সহজে স্টেশনে প্রবেশ করতে পারবেন।
দুর্গাপুজোর ক’টা দিন কলকাতায় সারারাত প্যান্ডেল হপিং চলে। সেই সময় বিপুল সংখ্যক মানুষ ট্রেন ও মেট্রোয় ভরসা রাখেন। তাই প্রতি বছরই রাতভর পরিষেবা চালু রাখে মেট্রো কর্তৃপক্ষ। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতিমধ্যে মেট্রোরেলের পক্ষ থেকে পঞ্চমী থেকে দশমীর জন্য বিশেষ সূচি প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি পূর্ব রেল ঘোষণা করেছে, ২৭ সেপ্টেম্বর থেকে হাওড়া ও শিয়ালদহের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বাড়ানো হবে আরপিএফ টহলদারি।
হাওড়া ও শিয়ালদহ স্টেশন সংলগ্ন প্রায় ২০০টি খ্যাতনামা পুজোমণ্ডপকে ঘিরেই এই অতিরিক্ত নিরাপত্তার পরিকল্পনা। মোতায়েন থাকবেন বিশেষ আরপিএফ দল, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন ৫০০ জন মহিলা কর্মীও। খোলা হচ্ছে আলাদা কন্ট্রোল রুম। পাশাপাশি ভিড়ের মধ্যে চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনা ঠেকাতে রেল পুলিশ ড্রোন ব্যবহার করে নজরদারি চালাবে। এছাড়াও ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম থেকে সাড়ে ৬ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হবে। এই সব কিছুর জন্যই অতিরিক্ত জনবল নিয়োগ করছে পূর্ব রেল।
রেল সূত্রে খবর, পুজোর সময়ে যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ ও দমদমে খোলা হচ্ছে বাড়তি টিকিট কাউন্টার। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য আলাদা কাউন্টার থাকছে। টিকিট প্রদানে দ্রুততার জন্য চালু হচ্ছে কিউআর কোড সম্বলিত টিকিট ব্যবস্থা। পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রীদের আবেদন—নিজ নিজ নিকটবর্তী স্টেশন থেকে সঠিক ভাড়া দিয়ে টিকিট সংগ্রহ করুন এবং অযথা ভিড় তৈরি করবেন না। তাহলেই যাত্রা হবে আরও নিরাপদ।



