বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বহাল, বম্বে হাই কোর্টের কঠোর বার্তা শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রাকে
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার জীবনে যেন আইনি বিপর্যয়ের শেষ নেই। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণা মামলা ঘিরে নতুন বিতর্কে উত্তাল মুম্বই।
গত আগস্টে মুম্বইয়ের এক ব্যবসায়ী তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেন। সেই মামলাতেই মঙ্গলবার প্রায় পাঁচ ঘণ্টা ধরে অভিনেত্রীর বয়ান রেকর্ড করে পুলিশ। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই আরও বড় ধাক্কা আসে— বম্বে হাই কোর্টে নাকচ হয়ে যায় রাজ-শিল্পার বিদেশযাত্রার আবেদন।
আদালতের তরফে স্পষ্ট জানানো হয়, “আগে ৬০ কোটি টাকা জমা দিন, তারপর লস অ্যাঞ্জেলস কিংবা বিদেশের যেখানে ইচ্ছে, সেখানে ঘুরতে যান।”
উল্লেখ্য, এই মামলার প্রেক্ষিতে গত সেপ্টেম্বরেই মুম্বই পুলিশ তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল, যাতে দেশত্যাগে বিধিনিষেধ আরোপ করা হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু বিচারপতি তাঁদের আবেদন খারিজ করে দেন।
এই মামলা দায়ের করেছেন লোটাস ক্যাপিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি, যিনি অভিযোগ করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি শিল্পা ও রাজের সংস্থায় মোট ₹৬০.৪৮ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু সেই অর্থ ব্যবসার পরিবর্তে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে।
দীপকের দাবি, শুরুতে অভিনেত্রী তাঁকে টাকা ফেরানোর ব্যক্তিগত গ্যারান্টি দিয়েছিলেন, তবে পরবর্তীতে সংস্থাটি দেউলিয়া ঘোষণা করা হয়, এবং তাঁর বিনিয়োগ সম্পূর্ণ ডুবে যায়। ফলে সর্বস্বান্ত হওয়ার পরই তিনি প্রতারণার অভিযোগ দায়ের করেন।
এদিকে, আদালতের নির্দেশের পরই দেখা যায়, শিল্পা শেট্টি একাধিক মন্দিরে পরিবারের সঙ্গে পুজো দিতে গিয়েছেন। তবে তাতেও যে এই আর্থিক জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে না, তা স্পষ্ট করে দিয়েছে বম্বে হাই কোর্টের রায়।



