কর্নাটকে আরএসএস নিষিদ্ধের দাবি, মুখ্যমন্ত্রীকে প্রিয়াঙ্ক খাড়গের চিঠি; বিজেপির তীব্র প্রতিক্রিয়া
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কর্নাটকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) নিষিদ্ধ করার দাবি তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে লেখা এক চিঠিতে তিনি অভিযোগ করেছেন, আরএসএস অসাংবিধানিক কর্মকাণ্ডে লিপ্ত এবং দেশের ঐক্য ও অখণ্ডতার পক্ষে বিপজ্জনক। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কংগ্রেসের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
বর্তমানে শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে আরএসএস। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সম্প্রতি সংগঠনের সম্মানে ডাকটিকিট ও বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করেছেন। এই আবহেই প্রিয়াঙ্ক খাড়গে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে জানিয়েছেন, রাজ্যে আরএসএসের সমস্ত কার্যক্রম বন্ধ করা হোক। তিনি লিখেছেন, সংগঠনের কোনো সভা বা সমাবেশ যেন স্কুল, খোলা মাঠ বা সরকারি স্থানে আয়োজন করতে না দেওয়া হয়। তাঁর অভিযোগ— আরএসএস যুবসমাজের মনে ঘৃণার বীজ বপন করছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের অনুমতি ছাড়া লাঠি ব্যবহার করছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্ক খাড়গের চিঠি পাওয়ার পর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সেটি মুখ্যসচিব শালিনী রজনীশের কাছে পাঠিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি বিজয়েন্দ্র বলেন, কংগ্রেস সভাপতির পুত্রের আরএসএস সম্পর্কে কোনও ধারণা নেই। তাঁর বক্তব্য, “১৯৬২ সালে চিন-ভারত যুদ্ধের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে নিষিদ্ধ করেছিল সরকার। তবে কয়েক মাস পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সঙ্ঘের সদস্যরা অংশ নেন।” তিনি আরও যোগ করেন, “স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে জাতির সেবায় আরএসএসের অবদান অপরিসীম।”
বিজয়েন্দ্রর অভিযোগ, কংগ্রেস আসলে রাজ্যে আরএসএসের বাড়তে থাকা জনপ্রিয়তা সহ্য করতে পারছে না বলেই এমন অবস্থান নিয়েছে। তাঁর দাবি, “দেশজুড়ে কোথাও আরএসএসের শৃঙ্খলাভঙ্গের কোনও নজির নেই। কংগ্রেস বরাবরই আরএসএসের বিরোধিতা করেছে, অথচ সংগঠনটি দেশের সেবায় অটল থেকেছে।”



