অজি সফরের আগে দাদাকে ৮০ কোটির সম্পত্তি ‘উপহার’, বিরাট কোহলির চমকপ্রদ সিদ্ধান্ত
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অস্ট্রেলিয়া সফরে যোগ দিতে ভারতে ফিরেছিলেন বিরাট কোহলি। তারপর আবার দলের সঙ্গে উড়ে গিয়েছেন বিদেশে। তবে তার আগে দেশে থেকেই এক বড় পদক্ষেপ নিয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার। নিজের একাধিক সম্পত্তির একটি বড় অংশ দাদা বিকাশ কোহলিকে ‘উপহার’ দিয়েছেন তিনি। সেই সম্পত্তির মধ্যে রয়েছে প্রায় ৮০ কোটি টাকার বিলাসবহুল বাংলোও।
বিরাট কোহলি বর্তমানে পরিবারের সঙ্গে বেশিরভাগ সময় কাটান ইংল্যান্ডে। তবে তাঁর ভারতে সম্পত্তির সংখ্যা কম নয়। বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি ও গুরুগ্রাম—বিভিন্ন জায়গায় তাঁর একাধিক বাড়ি ও সম্পত্তি রয়েছে। এর মধ্যে গুরুগ্রামের সম্পত্তির নিয়ন্ত্রণের দায়িত্ব ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ মারফত তুলে দিয়েছেন তাঁর দাদা বিকাশ কোহলির হাতে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে নিজে গুরুগ্রামে গিয়ে এই সম্পত্তি হস্তান্তর করেন বিরাট।
গুরুগ্রামের ডিএলএফ সিটি ফেজ ওয়ানে অবস্থিত বিরুষ্কার সেই বাংলোটি বিলাসিতার প্রতীক। প্রায় ১০ হাজার স্কোয়ার ফিটের বিশাল ওই বাড়িটির মূল্য প্রায় ৮০ কোটি টাকা। রয়েছে সুইমিং পুল, গ্র্যান্ড বার, অত্যাধুনিক ইন্টেরিয়র ডিজাইন এবং নানা বিলাসবহুল সুযোগ-সুবিধা।
যেহেতু বিরাট বর্তমানে দীর্ঘ সময় বিদেশে কাটান, তাই এই বিশাল সম্পত্তি নিজে দেখভাল করা তাঁর পক্ষে কঠিন। সেই কারণেই তিনি দাদার হাতে এর দায়িত্ব অর্পণ করেছেন। এতে কোহলির অনুপস্থিতিতেও সম্পত্তির যাবতীয় কাজ সহজে সম্পন্ন হবে।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে ওয়াজিরাবাদ তেহসিল অফিসে গিয়ে দাদাকে ‘পাওয়ার অফ অ্যাটর্নি’ প্রদান করেন বিরাট। তাঁর সঙ্গে ছিলেন দাদা বিকাশ কোহলি ও আইনজীবী। সেখানেই সমস্ত নথিপত্রের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
বিরাটের এই উদ্যোগে নেটিজেনদের মধ্যে প্রশংসার ঢল নেমেছে। তাঁদের কথায়, ‘সুন্দর মনের মানুষ বলেই এত বড় সিদ্ধান্ত নিতে পারেন বিরাট।’



