
বৃহস্পতিবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যমুখী ফুল ও দুধ দিয়ে পুজো অর্চনা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মন্দিরে উপস্থিত স্থানীয় বাসিন্দা, পুরোহিত এবং দর্শনার্থীদের সঙ্গে কথাও বলেন তিনি, খোঁজ নেন তাঁদের খবর।
উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিঙে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন ও পুনর্গঠনের বিষয়ে একাধিক পদক্ষেপের ঘোষণা করেছেন। আগামিকাল, শুক্রবার তাঁর কলকাতা ফিরে আসার কথা। তার আগেই আজ, বৃহস্পতিবার, শৈলশহরের মহাকাল মন্দিরে গিয়ে পুজো দেন ও স্থানীয়দের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও।
এমন দৃশ্য অবশ্য নতুন নয় উত্তরবঙ্গ সফরে গেলেই মানুষের সঙ্গে মিশে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও শিশুদের স্নেহভরে আশীর্বাদ করেন, আবার কখনও দোকানে ঢুকে স্থানীয় খাবার মোমো বানাতেও দেখা যায় তাঁকে।
বিজয়া দশমীর পর প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে বিপর্যস্ত হয় পাহাড়ের একাধিক এলাকা। ভুটান থেকে নেমে আসা জলে ডুবে যায় বহু গ্রাম। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, সড়কপথ ও চাষের জমি। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। আলিপুরদুয়ার, নাগরাকাটা, মিরিক ও দার্জিলিঙের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী নিজে ঘুরে দেখেছেন একাধিক অঞ্চল এবং প্রশাসনকে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারের জন্য ঘোষণা করা হয়েছে আর্থিক সহায়তা ও পরিবারের এক সদস্যকে চাকরির ব্যবস্থা।
রাজ্যবাসীর কল্যাণ ও পাহাড়ের শান্তি কামনায় আজ মহাকাল মন্দিরে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



