গুজরাটে হঠাৎ রাজনৈতিক ভূমিকম্প! মুখ্যমন্ত্রী ছাড়া বাকি সব মন্ত্রী পদত্যাগ করেছেন
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিজেপিশাসিত গুজরাটে অপ্রত্যাশিতভাবে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া সমস্ত মন্ত্রীর পদত্যাগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মন্ত্রীরা ইতিমধ্যেই তাঁদের পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর হাতে জমা দিয়েছেন, এবং তিনি সেগুলো গ্রহণও করেছেন। ফলে রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে জল্পনার ঝড় ঠিক কী ঘটছে মোদি-শাহের রাজ্যে?
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিসভার এই গণপদত্যাগ মূলত আসন্ন মন্ত্রিসভা রদবদলের অংশ। বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে নতুন করে মন্ত্রিসভা গঠন ও সম্প্রসারণের। বর্তমানে গুজরাট মন্ত্রিসভার সদস্য সংখ্যা ১৬, যা বাড়িয়ে ২৬ করা হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ, ১০ জন নতুন মুখ যোগ দিতে পারেন মন্ত্রিসভায়।
এই মুহূর্তে রাজ্যে একমাত্র মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সূত্রের দাবি, তিনিও আজ রাতেই রাজ্যপাল আচার্য দেবব্রতের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুসারে, আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় গান্ধীনগরের মহাত্মা মন্দিরে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলীয় সূত্রের খবর, নতুন মন্ত্রিসভা হবে তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে গঠিত, যেখানে জাতি ও সম্প্রদায়ের ভারসাম্য বজায় রাখা হবে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন মুখ্যমন্ত্রীর পদেও কি পরিবর্তন আসছে? ভূপেন্দ্র প্যাটেলের জায়গায় নতুন মুখ দেখা যাবে কি? এই প্রশ্নের উত্তর এখনও অমিল।



