রাজ্য

রেশন নিয়ে সমস্যা? দ্রুত সমাধানে হেল্পলাইন চালু করছে খাদ্য দপ্তর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রেশন নিয়ে সমস্যা? দ্রুত সমাধানে হেল্পলাইন চালু করছে খাদ্য দপ্তর - West Bengal News 24

রেশন পরিষেবা সংক্রান্ত অভিযোগের দ্রুত ও স্বচ্ছ নিষ্পত্তির লক্ষ্যে বড় পদক্ষেপ নিতে চলেছে খাদ্য দপ্তর। এবার নাগরিকদের সুবিধার জন্য চালু হচ্ছে একটি কেন্দ্রীভূত কল সেন্টার। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রেশন সংক্রান্ত যে কোনও অভিযোগের অগ্রগতি ও সমাধান সম্পর্কে এখন নাগরিকরা সহজেই তথ্য জানতে পারবেন।

প্রতিটি অভিযোগের জন্য দেওয়া হবে আলাদা টিকিট নম্বর, যাতে অভিযোগকারীরা সহজেই তাদের সমস্যার বর্তমান অবস্থা ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি একই ধরনের সমস্যা বারবার যাতে না ঘটে, সেদিকে নজর রাখতে প্রশাসনিক স্তরেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। অভিযোগের তথ্য বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্ট তৈরি করা হবে, যা ভবিষ্যতে ঘাটতি চিহ্নিত করে দ্রুত সমাধান আনতে সাহায্য করবে বলে মনে করছে দপ্তর।

রাজ্যজুড়ে রেশন ও ধান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকে আরও স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই নতুন উদ্যোগের আওতায় থাকবে কেন্দ্রীভূত কল সেন্টার ও হেল্পডেস্ক যা সপ্তাহে সাত দিন, সকাল থেকে রাত পর্যন্ত টানা ১২ ঘণ্টা পরিষেবা দেবে।

নাগরিকদের সুবিধার জন্য তথ্য ও অভিযোগ গ্রহণ করা হবে বাংলা, ইংরেজি ও হিন্দি তিন ভাষাতেই।
সরকারি হেল্পলাইন নম্বরগুলি হল ১৯৬৭, ১৪৪৪৫ ও ১৮০০৩৪৫৫৫০৫।

এছাড়াও এসএমএস, হোয়াটসঅ্যাপ, ই-মেল বা অনলাইন পোর্টাল–এর মাধ্যমেও অভিযোগ জানানোর সুযোগ থাকবে। শুধু রেশন পরিষেবায় যুক্ত নাগরিকরাই নয়, ধান বিক্রয়কারী কৃষকরাও সরাসরি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন ::

Back to top button