‘মান্থা’র প্রভাবে বৃষ্টি বাড়তে পারে বাংলায়, চলতি সপ্তাহে ভাসতে পারে একাধিক জেলা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কয়েকদিনের বিরতির পর আবারও ভিজতে চলেছে বাংলা। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় ‘মান্থা’ ফের সক্রিয় করে তুলেছে আবহাওয়া। শীতের আগমুহূর্তে এই নতুন নিম্নচাপের ফলে রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন জুড়ে বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড় মঙ্গলবার সন্ধ্যার মধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় স্থলভাগে প্রবেশ করবে। সে সময় বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ‘মান্থা’-র প্রভাবে দক্ষিণবঙ্গের নিম্নভূমি এলাকায় কৃষিজমির ক্ষতি হতে পারে। তাই চাষিদের দ্রুত পাকা ফসল কেটে নিরাপদে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে রোদ থাকলেও দুপুরের পর থেকেই আকাশে ঘন মেঘের উপস্থিতি বাড়ে। রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও প্রবল।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বুধবার পশ্চিমাঞ্চলের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, আর বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শীত নিয়ে জল্পনা তৈরি হলেও, আবহাওয়াবিদরা জানিয়েছেন মঙ্গলবার থেকেই তাপমাত্রায় সামান্য পরিবর্তন দেখা যাবে। কলকাতার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা নামবে, তবে আর্দ্রতা এবং বিক্ষিপ্ত বৃষ্টির কারণে শীতের আমেজ পুরোপুরি অনুভূত হবে না।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে। শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ ও দুই দিনাজপুরে প্রবল বৃষ্টির আশঙ্কা। শনিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে।



