
এসআইআর বিতর্ক ঘিরে বিজেপির বিরুদ্ধে নয়া আন্দোলনের ডাক দিল তৃণমূল। মঙ্গলবার পথে নামছে শাসক শিবির। নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগে সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা গানের মাধ্যমে রাজ্যবাসীকে SIR মিছিলে যোগ দেওয়ার আর্জি জানান মমতা। গানটির মধ্যেই তিনি স্পষ্ট বার্তা দেন ‘জোট বাঁধো, বাঁধ ভাঙো’। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের সূচনার বার্তা।
কালকের মিছিলের আগে আমাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে দয়া করে আমার লেখা ও সুর করা এই গান শুনুন। গেয়েছেন ইন্দ্রনীল সেন। pic.twitter.com/2esupdv5JE
— Mamata Banerjee (@MamataOfficial) November 3, 2025
আগামী বছর বিধানসভা নির্বাচন। সেই সময়ের আগে বাংলা-সহ বিভিন্ন রাজ্যে ভোটার লিস্টে বিশেষ পর্যালোচনা (SIR) শুরু করেছে নির্বাচন কমিশন। তৃণমূল বরাবরই অভিযোগ করে আসছে, এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার আড়ালে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেই অভিযোগের ভিত্তিতেই শাসক দল দাবি করছে এটা বিজেপির অপারেশন।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করতে ৪ নভেম্বর থেকে ৬২০০টি হেল্পডেস্ক চালু করছে তৃণমূল। শুক্রবার ভারচুয়াল সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ-দের এই নির্দেশ দেন। এই হেল্পডেস্কে ফর্ম ফিল-আপ থেকে শুরু করে এসআইআর সংক্রান্ত যাবতীয় সমস্যা দেখভাল করা হবে।
আর ঠিক সেই দিনই, অর্থাৎ ৪ নভেম্বর, ধর্মতলা থেকে শুরু হচ্ছে তৃণমূলের প্রতিবাদ মিছিল। দুপুর দেড়টায় গান্ধী মূর্তির নিচ থেকে যাত্রা শুরু হয়ে মিছিল যাবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত। এতে অংশ নেবেন সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা।
মিছিল শেষে জনতার উদ্দেশে মমতা-অভিষেক গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলেই প্রত্যাশা। তারই আগে সোমবার বিকেলে এক্স-এ নিজের লেখা ও সুর করা গান শেয়ার করেন মুখ্যমন্ত্রী। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। যার মূল থিম ‘জোট বাঁধো।’



