ভোটের মুখে এসআইআর বিতর্কে মমতার সরাসরি আক্রমণ ‘মোদি-মীরজাফর-কুর্সিবাবু’দের নিশানা তৃণমূল সুপ্রিমোর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এসআইআর নিয়ে ফের রাজনৈতিক উত্তাপ চরমে। ভোটের আগেই কেন বিশেষ নিবিড় সংশোধন? ভোট হয়ে যাওয়ার পর এই প্রক্রিয়া কেন নয়? কেন অসমকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে একের পর এক প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের বক্তব্যে তিনি সরাসরি আক্রমণ শানান ‘মোদিবাবু’, ‘মীরজাফর’, ‘কুর্সিবাবু’দের দিকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। মমতার তোপ ”মোদিবাবুদের খুশি করতে উঠেপড়ে লেগেছেন।” একইসঙ্গে তাঁর প্রশ্ন বাংলায় রোহিঙ্গারা এলে তারা আসছে কোথা থেকে?
মঙ্গলবার ধর্মতলা থেকে আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে সংবিধানের কপি হাতে নিয়ে রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর থেকে মতুয়া প্রতিনিধি এবং বহু সেলিব্রিটি মুখ। প্রায় চার কিলোমিটার মিছিল শেষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রতিবাদ মঞ্চে বক্তব্য দেন মমতা-অভিষেক। সেখানে নাম উল্লেখ না করেই ফের ‘কুর্সিবাবু’-কে নিশানা করেন মমতা। প্রশ্ন রাখেন ‘‘কুর্সিবাবুকে প্রশ্ন, বাংলায় যদি রোহিঙ্গা আসে, তারা কোথা থেকে আসে? নাগাল্যান্ড, ত্রিপুরা, অসমে এসআইআর হল না কেন? শুধু বাংলায় ভোটের আগে এসআইআর কেন?”
মমতা জানান, ২০০১ সালের ভোটের পরই শেষবার এমন এসআইআর হয়েছিল তখনও দীর্ঘ সময় নির্বাচন হয়নি। তাঁর অভিযোগ এবার মোদি এবং অমিত শাহকে তুষ্ট করতেই নতুন করে ইতিহাস তৈরির চেষ্টা করছেন ‘কুর্সিবাবু’। তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে উদ্বেগও তোলেন তিনি। তাঁর ক্ষোভ ‘‘জনগণ ভুল করলে নাম বাদ দিচ্ছে। বাবা-মায়ের নাম না থাকলে কি আবার জন্মে প্রমাণ করতে হবে আমি বাংলার নাগরিক? কমিশন যে একাধিক গন্ডগোল করছে তালিকায়, তার বেলা? শাস্তি কে দেবে? ভোটের পর এসআইআর করলে কী সমস্যা হত? তা নয়। ওদের কত বাবু, বড় বাবু, ছোটো বাবু…আমি চেয়ারকে সম্মান করি। কিন্তু দালালিরও একটা সীমা থাকে। অত্যাচারের সব সীমা তো আপনারা পার করে ফেলেছেন।’’
অন্যদিকে এই ইস্যুতে বিজেপি-র তরফে পাল্টা জবাব দিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর সাফ কথা “কমিশন তো বলেই দিয়েছে একজন ভারতীয়র নামও বাদ যাবে না, যারা নন তাদের বাদ যাবে। এদের ভোট বাঁচাতে আপনি এত মরিয়া কেন? কী পান এদের থেকে?” কেন এই সময়ে এসআইআর তার জবাবে সুকান্তের বক্তব্য “কমিশন সময়ে সময়ে অনেক পরিবর্তন করে। ব্যালট থেকে তো ইভিএম হয়েছে। কমিশনের সিদ্ধান্ত। তৃণমূল জলাতঙ্কের মত এসআইআর আতঙ্কে ভুগছে।”



