রাজ্য

১০০ দিনের কাজ পুনরায় চালুর পথে, আদালতের নির্দেশ মানতে প্রস্তুত কেন্দ্র

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

১০০ দিনের কাজ পুনরায় চালুর পথে, আদালতের নির্দেশ মানতে প্রস্তুত কেন্দ্র - West Bengal News 24

বাংলায় একশো দিনের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করেছে। বকেয়া অর্থ সংক্রান্ত হলফনামা বিনিময়ের জন্য আদালত একমাস সময় দিয়েছে। এর পরেই কেন্দ্রের অবস্থানে পরিবর্তন আসে কেন্দ্রীয় আইনজীবী জানান, কাজ চালু করতে তাঁদের কোনও আপত্তি নেই।

গত জুন মাসে কলকাতা হাই কোর্ট ১০০ দিনের প্রকল্প পুনরায় চালুর নির্দেশ দিয়েছিল। সেই সময় তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মন্তব্য করেছিলেন যে, কোনও কেন্দ্রীয় প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা যায় না। এই রায়ের বিরুদ্ধে কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়।

বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে, এবং শুনানি শেষে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল থাকে। সেই সম্পর্কিত মামলার শুনানিই ছিল এবার কলকাতা হাই কোর্টে যেখানে আবারও কেন্দ্রকে কঠোর নির্দেশ দেয় আদালত। কেন্দ্রও জানিয়ে দেয়, প্রকল্প শুরু করতে তারা আর আপত্তি জানাচ্ছে না।

উল্লেখ্য, বিগত তিন বছরে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধীনে বাংলায় মজুরির টাকা আসেনি। এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস বহুবার সরব হয়েছে, একাধিকবার প্রতিবাদ কর্মসূচিও করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে বকেয়া অর্থ মেটানোর আবেদন জানিয়ে চিঠিও দিয়েছেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশে সেই জট খুলে যাওয়ার আশা তৈরি হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button