
নিঃশব্দে ভারতী এয়ারটেল বন্ধ করে দিয়েছে ১৮৯ টাকার ভয়েস-অনলি প্রিপেড প্ল্যানটি। ফলে বর্তমানে সংস্থার সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান দাঁড়াল ১৯৯ টাকা। এতে স্বাভাবিকভাবেই অতিরিক্ত খরচের মুখে পড়েছেন বহু ব্যবহারকারী। ১৮৯ টাকার প্ল্যানটি বিশেষ করে জনপ্রিয় ছিল প্রবীণ নাগরিক, গ্রামীণ গ্রাহক এবং যাঁদের কাছে এয়ারটেল সিমটি দ্বিতীয় সংযোগ হিসেবে ব্যবহৃত হত, তাঁদের মধ্যে।
১৮৯ টাকার সেই প্ল্যানে ছিল আনলিমিটেড কলিংয়ের সুবিধা। যাঁরা মোবাইল ডেটা ব্যবহার করেন না, তাঁদের জন্য এটি ছিল সাশ্রয়ী বিকল্প। কিন্তু এখন থেকে সেই প্ল্যান বাতিল হওয়ায় তাঁদের ন্যূনতম রিচার্জ করতে হবে ১৯৯ টাকা। এই নতুন প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন দৈনিক ১০০টি এসএমএস, আনলিমিটেড কলিং সুবিধা এবং ২ জিবি ডেটা। নির্ধারিত সীমা অতিক্রম করলে প্রতি এমবির জন্য খরচ হবে ৫০ পয়সা। তবে যাঁরা কেবল কথোপকথনের জন্য ফোন ব্যবহার করেন, বিশেষত বয়স্ক গ্রাহকরা, তাঁদের কাছে এই অতিরিক্ত ডেটা কার্যত অপ্রয়োজনীয়। বরং তাঁদের রিচার্জের খরচ বেড়ে গেল ১০ টাকা। উল্লেখ্য, দুটি প্ল্যানই ২৮ দিনের মেয়াদি।
কেন হঠাৎ ১৮৯ টাকার প্ল্যানটি বন্ধ করা হল, সে বিষয়ে সংস্থার তরফে কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, ভারতের টেলিকম শিল্পে এমন প্রবণতা এখন সাধারণ বিষয়। সংস্থাগুলি ধীরে ধীরে ভয়েস-অনলি পরিষেবা থেকে সরে এসে ডেটা-ভিত্তিক প্ল্যানের দিকেই বেশি জোর দিচ্ছে। সেই কারণেই এই ধরনের ভয়েস নির্ভর সস্তা প্ল্যান বাজার থেকে একে একে হারিয়ে যাচ্ছে।



