স্পিন দুর্বলতা ঢাকতে ইডেনে গম্ভীরের বিশেষ তত্ত্বাবধানে অনুশীলনে ব্যস্ত ক্যাপ্টেন গিল
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ইডেন টেস্টের আগে নিজেদের তৈরি করা পরিস্থিতিতে ভারতই শেষ পর্যন্ত বিপাকে পড়বে কি না, তা নিয়ে চিন্তা বাড়ছে টিম ম্যানেজমেন্টে। বৃহস্পতিবার, ম্যাচের ঠিক আগের দিন এই উদ্বেগ যেন আরও স্পষ্ট হয়ে উঠল। কারণ ভারতীয় শিবির ইডেনের পিচে প্রথম দিন থেকেই টার্ন চেয়েছে যাতে দক্ষিণ আফ্রিকাকে ঘূর্ণিতে চাপে ফেলা যায়। কিন্তু সেই সিদ্ধান্তই কি উল্টে ভারতকেই বিপদে ফেলবে? সাম্প্রতিক সময়ে স্পিনে যে ভারতীয় ব্যাটাররা বারবার সমস্যায় পড়েছেন, সেই বাস্তবটাই ফের সামনে আসছে।
সবচেয়ে বেশি শঙ্কায় আছেন অধিনায়ক শুভমন গিল। গত কয়েক মাসে স্পিনারদের বিরুদ্ধে তিনি বেশ অসুবিধায় পড়েছেন। সেই ভয় কাটাতেই বৃহস্পতিবার ইডেনে আলাদা করে দীর্ঘ স্পিন-প্রস্তুতি নিতে দেখা গেল তাঁকে। পাশে ছিলেন উপদেষ্টা গৌতম গম্ভীর, যিনি নিজে দাঁড়িয়ে গিলের প্রতিটি শট লক্ষ্য করছিলেন।
মূল নেটে দীর্ঘ সময় স্পিনারদের মোকাবিলা করার পর, গিলকে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও বাঁহাতি এক নেট বোলারকে ডেকে বিশেষ অনুশীলন করতে দেখা যায়। পুরো সময়টাই গম্ভীর দাঁড়িয়ে থেকে গিলের ভুল শুধরে দিচ্ছিলেন কখনও ফুটওয়ার্ক ঠিক করে দিচ্ছেন, কখনও শটের দিক নির্দেশ করছেন। এই স্পিন-মহড়া প্রায় ৪৫ মিনিট ধরে চলে।
ভারতের যেমন পুলে চারজন স্পিনার আছেন, তেমন দক্ষিণ আফ্রিকার শিবিরও স্পিনে তাক লাগানোর মতো প্রস্তুত। তাদের দলে আছেন কেশব মহারাজ, সেনুরুন মুথুস্বামী ও সাইমন হারমার যারা সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে এসেছেন। এঁদের মধ্যে দু’জন বাঁহাতি, যা ভারতের জন্য বাড়তি মাথাব্যথা।
বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে ভারতের সংগ্রাম নতুন নয় নিউজিল্যান্ড সিরিজে মিচেল স্যান্টনার একাই ভারতীয় ব্যাটিং লাইনআপকে বিপর্যস্ত করেছিলেন। এমনকি শ্রীলঙ্কা ও বাংলাদেশের স্পিনাররাও সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে ভালো সাফল্য পেয়েছে।
ঠিক এই কারণেই ইডেনের ঘূর্ণি উইকেট ভারতীয় শিবিরকে যতটা সাহায্য করবে, ততটাই বিপদ ডেকে আনতে পারে বলেই ভাবছে টিম ম্যানেজমেন্ট বিশেষ করে অধিনায়ক গিলকে কেন্দ্র করে।



