ক্রিকেট

গিল-শ্রেয়স অনিশ্চিত, ওয়ানডে নেতৃত্বে কি ফিরছেন রোহিত? চাপে নির্বাচকরা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গিল-শ্রেয়স অনিশ্চিত, ওয়ানডে নেতৃত্বে কি ফিরছেন রোহিত? চাপে নির্বাচকরা - West Bengal News 24

ইডেন টেস্টে ঘাড়ে চোট পাওয়ার পর শুভমান গিলকে নিয়ে তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা। ব্যাটিংও করতে পারেননি পুরোটা, এরপর দ্বিতীয় দিনের শেষে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের উদ্দেশে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, গুয়াহাটিতেই নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজেও তাঁর খেলা প্রায় সন্দেহের মুখে। ফলে প্রশ্ন উঠছে গিল অনুপস্থিত থাকলে কে হবেন দলের অধিনায়ক? রোহিত শর্মা কি আবার ওয়ানডে নেতৃত্বে ফিরবেন?

এদিকে, সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়াবহ চোটের শিকার হয়েছিলেন শ্রেয়স আইয়ার। এর জেরে তিনি নিশ্চিতভাবেই প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। গিল ও শ্রেয়স দু’জনেই বাইরে থাকলে কারা জায়গা পাবেন দলে? কাকতালীয়ভাবে, এই মুহূর্তে গিলই টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক এবং শ্রেয়স সহ-অধিনায়ক। খবর পাওয়া যাচ্ছে, শ্রেয়সের পরিবর্তে নির্বাচকদের নজরে রয়েছেন তিলক বর্মা। হায়দরাবাদের এই ব্যাটার ইতিমধ্যেই চার নম্বরে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফাইনালে তাঁর ৬৯ রানের ইনিংস ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল।

তিলক এখনও পর্যন্ত চারটি ওয়ানডে খেললেও নির্দিষ্ট ব্যাটিং পজিশন পাননি কখনও তিনে, কখনও চার বা পাঁচ নম্বরে নেমেছেন। অন্যদিকে, যদি শেষ পর্যন্ত গিল একদিনের সিরিজে না খেলেন, তবে নির্বাচকদের পছন্দের তালিকায় রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। তবে তিনি প্রথম একাদশে জায়গা পাবেন কি না, তা নির্ভর করবে যশস্বী জয়সওয়ালকে নিয়ে নেওয়া সিদ্ধান্তের ওপর। রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে যশস্বীকেই দেখা যেতে পারে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন শুভমানের জায়গায় নেতৃত্ব সামলাবেন কে? আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কেএল রাহুলের নাম। তিনি ইতিমধ্যে ১৬টি ওয়ানডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে জিতেছেন ১১টি জয়ের হার ৬৮.৭৫ শতাংশ। পাশাপাশি রোহিত শর্মাকে ফের অধিনায়ক করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দাবিও উঠেছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি। উল্লেখযোগ্য, অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতকে সরিয়ে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল শুভমানকে।

সম্ভাবনা রয়েছে, অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডের তুলনায় দলের গঠনে বড় কোনও পরিবর্তন না-ও দেখা যেতে পারে।

আরও পড়ুন ::

Back to top button