আন্তর্জাতিক

বিধানসভা ভেঙে নতুন সরকার গঠনের পথে বিহার, ফের কুরসিতে ফিরছেন নীতিশ কুমার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Nitish Kumar : বিধানসভা ভেঙে নতুন সরকার গঠনের পথে বিহার, ফের কুরসিতে ফিরছেন নীতিশ কুমার - West Bengal News 24

এনডিএ-র বিধায়ক দলীয় নেতা নির্বাচিত হওয়ার পরই বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। মঙ্গলবার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। তাঁর ইস্তফার পরই বিহারের সপ্তদশ বিধানসভা ভেঙে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং নতুন সরকার গঠনের পথ খুলে গেল। বৃহস্পতিবারই দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নিতে চলেছেন জেডিইউ প্রধান নীতীশ। এনডিএ বিধায়করা ইতিমধ্যেই রাজ্যপালের কাছে সমর্থনপত্র জমা দিয়েছে।

দুপুরে জেডিইউ-র পরিষদীয় দলের নেতা ঘোষণা করা হয় নীতীশকে। এরপর এনডিএর তরফেও তাঁকে নেতার পদে নির্বাচন করা হয়। অর্থাৎ, তিনি ফের মুখ্যমন্ত্রীর আসনে ফিরছেন এটি কার্যত চূড়ান্ত হয়ে গেল। এরপরই তিনি রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ করে মন্ত্রিসভাও ভেঙে দেন।

নীতীশের আগের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। বৃহস্পতিবারের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁরা আবার নীতীশের ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবেই দায়িত্ব নেবেন। ইতিমধ্যেই সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা এবং বিজয় সিনহা উপমুখ্যমন্ত্রীর পদে নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই তাঁদের নাম ঘোষণা করেছেন। নীতীশের সঙ্গে এই দুই ডেপুটিও শপথ নেবেন।

মন্ত্রিসভা গঠন নিয়ে বিস্তৃত পরিকল্পনাও প্রায় ঠিক হয়ে গিয়েছে। এনডিএ শিবির সূত্রে জানা গেছে, প্রতি ছয়জন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। সেই হিসাবে বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন প্রায় ১৫ জন। নীতীশ কুমারের জেডিইউ পেতে পারে ১৩ থেকে ১৪টি মন্ত্রক। চিরাগ পাসওয়ানের এলজেপি (আর) থেকে তিনজন মন্ত্রী নেওয়া হবে। জিতন রাম মাঝির হাম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম এই দুই দল একেকটি করে মন্ত্রক পাবে। তবে কোন দলের কোন নেতা কোন মন্ত্রক পাবেন, তা নিয়ে এখনও টানাপোড়েন চলছে। শোনা যাচ্ছে, প্রথম ধাপে নীতীশের সঙ্গে মোট ১৮ জন মন্ত্রী শপথ নেবেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রায় ৩৫ হাজার থেকে ৫০ হাজার এনডিএ সমর্থকের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button