
সকালের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। অনুভূত হল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। সকাল ১০টা ৮ মিনিটে আচমকাই কম্পন টের পান বহু বাসিন্দা। এক্স-এ কলকাতার একাধিক মানুষ জানান, তাঁরা স্পষ্টভাবে কম্পন অনুভব করেছেন। প্রাথমিক তথ্য বলছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল বাংলাদেশে।
শুক্রবার সকাল ঠিক ১০টা ৮ মিনিটে আচমকা দুলতে শুরু করে চারপাশ। বোতলে থাকা জল, ঝুলে থাকা লাইট বা ফ্যান নড়ে উঠতেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। মুহূর্তেই আতঙ্কে বহুতলের বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। কলকাতার অনেক অফিসের সামনেও কর্মীদের ভিড় দেখা যায়। মোট ২৯ সেকেন্ড স্থায়ী এই কম্পন ছড়িয়ে দেয় ভয়। উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদীর কাছে, প্রায় ১০ কিলোমিটার গভীরে। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। কলকাতায় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৫.৭। বাংলায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। বাংলাদেশে কোনও ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে সকাল থেকেই এক্স-এ বহু ইউজার কম্পন অনুভবের কথা পোস্ট করতে শুরু করেছেন – কেউ নিশ্চিত হতে চেয়েছেন সত্যিই ভূমিকম্প ছিল কি না, আবার কেউ স্পষ্ট আতঙ্ক প্রকাশ করেছেন।



