জাতীয়ফুটবল

আইএসএলের অচলাবস্থা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

East Bengal FC : আইএসএলের অচলাবস্থা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল - West Bengal News 24

ভারতীয় ফুটবলের ক্রমবর্ধমান অচলাবস্থা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শরণাপন্ন হলো ইস্টবেঙ্গল ক্লাব। ফুটবল প্রশাসনের বর্তমান সংকট কাটাতে কেন্দ্রীয় হস্তক্ষেপের আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছে লাল-হলুদ শিবির। তাঁদের দাবি, দেশের ফুটবলের বর্তমান পরিস্থিতি এখন ‘জাতীয় উদ্বেগের বিষয়’। তাই দ্রুত কেন্দ্রের দৃষ্টি দেওয়া জরুরি। পাশাপাশি আইএসএলের জন্য স্পনসর সংগ্রহে সরকার যেন প্রয়োজনীয় উদ্যোগ নেয়, সেই অনুরোধও জানিয়েছে শতবর্ষে পা রাখা ক্লাবটি।

মোদিকে পাঠানো চিঠিতে ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া লিখেছেন, দেশের ফুটবলের ভবিষ্যৎ গভীর সংকটে। এখনও আইএসএল শুরু হয়নি। কবে হবে, আদৌ হবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এর আশু সমাধান প্রয়োজন। আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরে ফুটবলার, ক্লাবকর্তা এমনকি, সমর্থকেরাও হতাশ। ফুটবল প্রশাসনে নীতিপঙ্গুত্ব, অহেতুক ঢিলেমি এ দেশে খেলাটার ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।

সম্প্রতি প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে ছ’ধাপ নেমে ভারত এখন ১৪২-এ। চিঠিতে ইস্টবেঙ্গল আরও লিখেছে, ১৯৫১ ও ১৯৬২ এশিয়ান গেমসে সোনা জেতা দলের এমন অধঃপতন মেনে নেওয়া যায় না। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মনে করছে ক্লাব। চিঠিতে আরও উল্লেখ, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে পূর্ণ আস্থা রয়েছে ক্লাবের। যে ভাবে ভারতের খেলাধুলোর উন্নতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, সে ভাবেই দেশের ফুটবলের উন্নতিতে তিনি যেন এগিয়ে আসেন।” পাশাপাশি অনুরোধ করা হয়েছে আইএসএলের সুষ্ঠু আয়োজন এবং প্রয়োজন হলে স্পনসর সংগ্রহে প্রধানমন্ত্রীর সরাসরি নজরদারি।

বর্তমানে ভারতীয় ফুটবলের পরিস্থিতি অত্যন্ত সংকটময় আইএসএলের কোনও স্পনসর নেই, প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত ঝুলে আছে সুপ্রিম কোর্টে, আর ফেডারেশন কার্যত অক্ষম অবস্থায় দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের তরফে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানানোকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button