SIR নিয়ে তাড়াহুড়ো নয়! খসড়া ভোটার তালিকা প্রকাশে সময় বাড়াতে পারে সুপ্রিম কোর্ট
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দরকার হলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিতেই পারে সুপ্রিম কোর্ট— এমনই স্পষ্ট বার্তা দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। বাংলা-সহ একাধিক রাজ্যে SIR (Special Summary Revision) প্রক্রিয়া নিয়ে উঠেছে নানান অভিযোগ। সেই পরিস্থিতিতেই নির্বাচন কমিশনকে মৌখিকভাবে সতর্ক করল শীর্ষ আদালত।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল— একাধিক রাজ্য ও রাজনৈতিক দল SIR-এর প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে আপত্তি জানিয়ে দ্বারস্থ হয়েছে আদালতের। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশন অত্যন্ত তাড়াহুড়ো করে SIR কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে বেমানান।
বুধবারের শুনানিতে প্রধান বিচারপতি বাংলার মামলা ৯ ডিসেম্বর এবং তামিলনাড়ুর মামলা ৪ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি রাখার নির্দেশ দেন। পাশাপাশি মন্তব্য করেন, “যদি প্রয়োজন যুক্তিযুক্ত বলে মনে হয়, তাহলে আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দিতে দ্বিধা করব না।” আদালতের এই মন্তব্য নির্বাচন কমিশনের জন্য স্পষ্ট হুঁশিয়ারি বলেই মনে করা হচ্ছে।
সওয়াল–জবাবে উঠে আসে বিএলও-দের ওপর অস্বাভাবিক কাজের চাপের প্রসঙ্গ। আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, তড়িঘড়ি SIR চালানোর ফলে মাঠকর্মীদের ওপর চরম মানসিক চাপ তৈরি হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের এক বিএলও কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলেও তিনি আদালতকে জানান।



