হাসপাতাল থেকে ছুটি পেলেন পলাশ, তবে কি বিয়ের পথে স্মৃতি? নীরব দুই পরিবার
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

হাসপাতাল থেকে রিলিজ পেলেন স্মৃতি মন্ধানার হবু বর পলাশ মুছলও। সকালেই ছুটি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটারের বাবা। ফলে মন্ধানা পরিবারে এখন খানিক স্বস্তির হাওয়া। তবে স্বস্তির মধ্যেই নতুন প্রশ্ন এবার কি সত্যিই পলাশ মুছলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি? নাকি চলতি বিতর্কের জেরে শেষপর্যন্ত ভেঙে যাবে বহুল আলোচিত ‘পালরিতি’র সম্পর্ক?
গত রবিবার হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। দ্রুত তাঁকে অ্যাম্বুল্যান্সে করে সাংলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার অসুস্থ হয়ে পড়েন পলাশও। প্রথমে জানা গিয়েছিল ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরে সাংলি থেকে মুম্বইয়ে সরিয়ে এনে গোরেগাঁওয়ের এসভিআর হাসপাতালে তাঁর চিকিৎসা চলতে থাকে। অনেকে জানান, একের পর এক কনসার্ট ও বিয়ের প্রস্তুতির চাপেই শারীরিক অসুস্থতা দেখা দেয়।
পলাশের মা অমিতা জানিয়েছেন, হবু শ্বশুরের অসুস্থতার খবর শুনে ভেঙে পড়েছিলেন পলাশ। টানা চার ঘণ্টা ধরে কেঁদেছেন তিনি, কারণ স্মৃতির বাবার সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব ছিল। চিকিৎসা সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পলাশ। অবশেষে বুধবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
অন্যদিকে, একই দিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন স্মৃতির বাবাও। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, হৃদ্যন্ত্রও ঝুঁকিমুক্ত। এঞ্জিওগ্রাফির রিপোর্টে কোথাও কোনও ব্লকেজ পাওয়া যায়নি।
বর্তমানে পলাশ ও শ্রীনিবাস দু’জনেই সুস্থ। ফলে মন্ধানা পরিবারের দুশ্চিন্তা আপাতত কাটছে বলেই মনে করা হচ্ছে। তবে উল্লেখযোগ্য বিষয়, দুই পরিবারই এখনো বিয়ের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও নতুন ঘোষণা করেনি। পলাশকে বিয়ে করা নিয়ে স্মৃতির সিদ্ধান্ত কী হতে পারে, তা নিয়েই জল্পনা আরও তীব্র। কারণ বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।
এতকিছুর পরও বড় প্রশ্ন একটাই এহেন পরিস্থিতিতে কি পলাশকে বিয়ে করবেন স্মৃতি মন্ধানা? উত্তর এখনও অজানা।



