
স্টেডিয়ামের নাম বদলালেও, দিনক্ষণ পাল্টালেও বদলায় না এক দৃশ্য বিরাট কোহলির প্রতি ভক্তদের অগাধ আবেগ। ভারতের প্রাক্তন অধিনায়কের মাঠে নামলেই কেউ না কেউ সুরক্ষা বলয় ভেঙে তাঁর কাছে পৌঁছনোর মরিয়া চেষ্টা করেন। ইডেন ও রাঁচির পর এবার একই কাণ্ড ঘটল রায়পুরে। কোহলিকে স্পর্শ করার ইচ্ছায় মাঠ পেরিয়ে সরাসরি তাঁর পায়ে লুটিয়ে পড়লেন এক উন্মাদ ভক্ত।
এর আগেও এমন ঘটনা নতুন নয়। গত আইপিএল-এ উদ্বোধনী ম্যাচ চলাকালীন ইডেনে বর্ধমানের ঋতুপর্ণ পাখিরা মাঠে ঢুকে বিরাটের পায়ে প্রণাম করেছিলেন। পরে তাঁকে ‘ক্রিমিনাল ট্রেসপাসিং’-এর মামলায় গ্রেপ্তার করা হয়। একই দৃশ্য দেখা যায় রাঁচিতেও। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ৫২তম সেঞ্চুরি করার পর উদযাপনে ব্যস্ত ছিলেন বিরাট। সেই সময় শৌভিক মুর্মু নামে এক যুবক নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ে কোহলির পায়ে পড়ে প্রণাম করেন। তাঁকেও গ্রেপ্তার করা হয়।
এই দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার রায়পুরে পুনরাবৃত্তি। ম্যাচ চলাকালীন বিরাট মার্কো জানসেনের শেষ বলে সিঙ্গল নিয়ে আন্তর্জাতিক কেরিয়ারের ৮৪তম সেঞ্চুরি সম্পূর্ণ করেন। ওভার শেষে জলপানের বিরতির ফাঁকেই এক যুবক ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে বিরাটের পায়ে ঝাঁপিয়ে পড়েন। নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ভক্তকে সরিয়ে নেন।
এভাবে একের পর এক গ্রেপ্তারি বা আইনি জটিলতাও থামাতে পারছে না ভক্তদের দেবভক্তির মতো ভালবাসা। তবে ঘটনাগুলির পর প্রশ্নচিহ্ন উঠছে স্টেডিয়াম নিরাপত্তা নিয়ে। সাধারণ দর্শক যদি এভাবে অনায়াসে মাঠে ঢুকে পড়তে পারেন, তাহলে প্রশিক্ষিত হামলাকারীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে এমন আশঙ্কায় শঙ্কিত ক্রিকেটপ্রেমীরা।



