রাজ্য

গীতাপাঠে গেরুয়া শো-অফ! বিজেপির মহাসমাবেশে ‘ব্রাত্য’ দিলীপের প্রত্যাবর্তন?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গীতাপাঠে গেরুয়া শো-অফ! বিজেপির মহাসমাবেশে ‘ব্রাত্য’ দিলীপের প্রত্যাবর্তন? - West Bengal News 24

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ফের ধর্মীয় আবহে রাজনৈতিক শক্তি বাড়াতে মাঠে নামল গেরুয়া শিবির। আগামী রবিবার, ৭ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হচ্ছে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এর মহাসমাবেশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বঙ্গ বিজেপির শক্তিমত্তা প্রদর্শনের অন্যতম বড় মঞ্চ। বিশাল জনসমাগমের লক্ষ্যে সাধু সন্তদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতারা এবং প্রচুর কর্মী সমর্থক।

যদিও অনুষ্ঠানের আনুষ্ঠানিক মুখ বিজেপি নয়, তা সত্ত্বেও কর্মসূচিকে সফল করতে আরএসএস এবং গেরুয়া শিবির সর্বশক্তি ঢেলে দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ আরও অনেকে। দীর্ঘদিন ধরে বঙ্গ বিজেপির মূল কর্মকাণ্ড থেকে দূরে থাকা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও আমন্ত্রণ পেয়েছেন ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর উদ্যোগে আয়োজিত এই গীতাপাঠে। বহুদিন পর আবার সুকান্ত শমীকদের সঙ্গে দিলীপ ঘোষকে একই কর্মসূচিতে দেখা যাবে বলে রাজনৈতিক অন্দরে উৎসাহ তৈরি হয়েছে।

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ওই দিন ব্রিগেডের অনুষ্ঠানে যোগ দেবেন বলে খবর। দিঘায় জগন্নাথ মন্দির দর্শনের পর থেকে শুভেন্দু–দিলীপ সম্পর্ক যে তিক্ত হয়েছে, তা রাজনৈতিক মহলে আলোচনার বিষয়। তাই ব্রিগেডে দু’জনের উপস্থিতি ঘিরে দূরত্ব বজায় থাকে কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

গতবার ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচিতে প্রত্যাশিত ভিড় হয়নি। এবার সেই ব্যর্থতা কাটাতে গত তিন মাস ধরে লাগাতার সভা, প্রচার এবং ধর্মীয় কর্মসূচির মাধ্যমে জনসমাগম বাড়ানোর চেষ্টা করছে আরএসএস ও তাদের সহযোগী সংগঠনগুলি। পাঁচ লক্ষ মানুষকে সমবেত করার লক্ষ্য অর্জিত হবে কি না সেই প্রশ্ন এখনও রয়ে গেছে।

বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচির সফলতা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গেরুয়া শিবিরের বহু বিধায়ক ইতিমধ্যেই পরিবার-পরিজন নিয়ে ব্রিগেডমুখী হয়েছেন। শেষ পর্যন্ত ব্রিগেড ভরাট হয় কি না, সেই দিকেই এখন নজর রাজ্য রাজনীতির।

আরও পড়ুন ::

Back to top button