
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ক্যারিয়ারের নানা উত্থান পতন, দলে টিকে থাকার লড়াই, পারফরম্যান্স নিয়ে প্রশ্ন সবকিছুকে পিছনে ফেলে তিনি পৌঁছে গেলেন এক বিরল মাইলফলকে। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন ভারতীয় দলের অধিনায়ক। বিশ্ব ক্রিকেটে মোট ১৪ জন ব্যাটার এই ক্লাবে জায়গা পেয়েছেন, তাঁদের সারিতে এবার যুক্ত হল রোহিতের নাম। এর আগে এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়।
মাত্র ৫৩৮ ইনিংসে এবং ৪২-এর ওপর ব্যাটিং গড় নিয়ে রোহিত এই রানের পাহাড় গড়েছেন। স্ট্রাইক রেটের দিক থেকেও তিনি অনন্য—২০ হাজার রানের তালিকায় থাকা অন্য কেউ তাঁর মতো আগ্রাসী ব্যাটিংয়ে এত উঁচু হার ধরে রাখতে পারেননি। আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই ৫০টি সেঞ্চুরি করেছেন তিনি, যা ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। সাদা বলের ক্রিকেটে একাধিক রেকর্ড তাঁর দখলে রয়েছে বহুদিন ধরেই। এই ম্যাচের আগে তাঁর প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান, এবং রোহিত অনায়াসে সেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেন। ক্যারিয়ারের অন্তিম অধ্যায়ে এসে এই অর্জন তাঁকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরাদের তালিকায় আরও দৃঢ়ভাবে স্থাপন করল।
ভারতের ব্যাটিং রেকর্ডে শীর্ষে এখনো শচীন তেণ্ডুলকর ৭৮২ ইনিংসে যার সংগ্রহ ৩৪,৩৫৭ রান। বিরাট কোহলি এখনো সক্রিয় খেলোয়াড় এবং ৬২২ ইনিংসে তাঁর রান ২৭,৯১০। রাহুল দ্রাবিড় ৫৯৯ ইনিংসে করেছেন ২৪,০৬৪ রান। তাদের পরেই রোহিত শর্মা ৫৩৮ ইনিংসে পেরিয়ে গেলেন ২০ হাজার রানের ম্যাজিক সংখ্যা।
ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রোহিত শর্মা প্রায় সব বড় অর্জন নিজের করে নিয়েছেন। বাকি আছে একটাই স্বপ্ন ৫০ ওভারের বিশ্বকাপ জেতা। ২০২৭ সালের বিশ্বকাপে সেই স্বপ্নপূরণের সুযোগ এখনও আছে তাঁর সামনে। তবে তখনও তিনি ভারতীয় দলে জায়গা ধরে রাখতে পারবেন কি না, তা এখনই নিশ্চিত নয়। তবে বর্তমান ফর্ম বলছে এ মুহূর্তে তাঁকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।



