রাজ্য

বাসিন্দাদের আপত্তিতে পিছু হটল নির্বাচন কমিশন, বাতিল বহুতলে বুথ তৈরির পরিকল্পনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাসিন্দাদের আপত্তিতে পিছু হটল নির্বাচন কমিশন, বাতিল বহুতলে বুথ তৈরির পরিকল্পনা - West Bengal News 24

বহুতল আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র তৈরির পরিকল্পনা থেকে শেষমেশ পিছিয়ে এল নির্বাচন কমিশন। কমিশনের এক কর্তৃপক্ষ জানিয়েছেন, আবাসনগুলিতে বুথ স্থাপনের বিষয়টি খতিয়ে দেখতে জেলাশাসকদের কাছে সোমবারের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছিল। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র দু’টি জেলা সেই রিপোর্ট পাঠিয়েছে। তিনি জানান, রাজনৈতিক দলগুলির তেমন আগ্রহ দেখা যায়নি এবং আবাসনগুলিও এ ব্যাপারে এগিয়ে আসেনি। ফলে বহুতলে বুথ স্থাপনের সিদ্ধান্ত আর এগোনো হচ্ছে না।

কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহার নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আবাসনের বাসিন্দারা নিজেদের ‘প্রাইভেসি’ ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিভিন্ন আবাসন কর্তৃপক্ষকে নিয়ে যে বৈঠক করেছি, সেখানে এ বিষয়ে আপত্তির সুর শোনা গিয়েছে। যে সব আবাসনে বিভিন্ন ভাষা, জাতি ও ধর্মের মানুষ বাস করেন, সেখান থেকেও আপত্তি এসেছে। সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জোড়া চিঠি লিখে আবাসনে বুথ তৈরিতে আপত্তি জানিয়েছিলেন। তারই ফলে কমিশন সিদ্ধান্ত রদ করেছে।”

এদিকে বিএলও-দের পাওনাসংক্রান্ত অর্থ বরাদ্দেও অগ্রগতি হয়েছে। সোমবার রাজ্য অর্থ দপ্তর বিএলওদের পারিশ্রমিক বাবদ ৬১ কোটি টাকা ছাড়া হয়েছে। কমিশন সূত্রের দাবি, গত সপ্তাহে এই খাতে মোট ৭০ কোটি টাকার দাবি জানানো হয়েছিল। প্রথম দফায় প্রাপ্ত অর্থ ছাড়াও খুব শিগগিরই বাকি টাকাও মেটানো হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তথ্য অনুযায়ী, আগের দফায় প্রতিটি বিএলও পেয়েছিলেন ২০০০ টাকা করে। এবার দ্বিতীয় দফায় তাঁদের দেওয়া হবে ৩৫০০ থেকে ৪০০০ টাকা, আর সুপারভাইজাররা পাবেন ৮০০০ টাকা করে।

এছাড়া ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন বাংলাজুড়ে বড়সড় পরিসংখ্যান সামনে এসেছে। জানা গিয়েছে, খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে মোট ৫৪ লক্ষ ৮৬ হাজার ৬৭২ জনের নাম। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৩ লক্ষ ৯৮ হাজার ৩৪৫ জন, ডুপ্লিকেট হিসেবে রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ২১৫ জন এবং নিখোঁজ ভোটারের সংখ্যা প্রায় ১১ লক্ষ। পাশাপাশি রাজ্যের বিভিন্ন যৌনপল্লি, বৃদ্ধাশ্রম, বিশেষভাবে সক্ষমদের আবাস ও বিধবাদের কেন্দ্রগুলিতে ভোটার ফর্ম পৌঁছে দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ুন ::

Back to top button