রাজ্য

হৃদরোগজনিত জটিলতায় নচিকেতা, দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Nachiketa Chakraborty : হৃদরোগজনিত জটিলতায় নচিকেতা, দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় - West Bengal News 24

কোচবিহার সফর শেষ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন হাসপাতালে নচিকেতাকে দেখতে। কয়েক দিন আগে হঠাৎ বুকে অস্বস্তি অনুভব করায় বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল নচিকেতা চক্রবর্তীকে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ শনাক্ত করেন। এরপর শনিবার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে তাঁর হার্টে স্টেন্ট প্রতিস্থাপন করা হয়। এই পরিস্থিতিতে গায়কের শারীরিক অবস্থা জানতে সরাসরি হাসপাতালে হাজির হলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে নচিকেতার শারীরিক অবস্থার বিষয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন। গায়ক এবং মুখ্যমন্ত্রীর সম্পর্ক দীর্ঘ দিনের। পুজোর মরশুমে এক অনুষ্ঠানে নচিকেতাকে “ভালো করে খাওয়াদাওয়া করতে” পরামর্শ দিতে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। গায়কের অসুস্থতার খবর শুনে এবারও অভিভাবকের মতো খোঁজখবর নিলেন তিনি।

উল্লেখ্য, শীতের সময়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের ব্যস্ততা বাড়ে। নচিকেতাও একের পর এক অনুষ্ঠানে যোগ দেওয়ায় বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছিলেন না বলে জানা গেছে। এর মাঝেই রুটিন স্বাস্থ্যপরীক্ষার জন্য তিনি পার্ক সার্কাসের একটি ডায়াগনস্টিক সেন্টারে যান। কিছু রিপোর্টে অসঙ্গতি ধরা পড়ায় অতিরিক্ত পরীক্ষা করা হয়, তাতেই হৃদযন্ত্রে ব্লকেজের বিষয়টি সামনে আসে। এরপর পরিবারের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার তাঁর হৃদযন্ত্রে দু’টি স্টেন্ট বসানো হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।

‘জীবনমুখী’ গানের ধারায় নচিকেতার জনপ্রিয়তা প্রবল। তাঁর ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’-সহ একাধিক গান এখনও শ্রোতাদের মনে সমানভাবে দাগ কাটে। সময়ের সঙ্গে শারীরিক অবস্থা কিছুটা ভেঙে পড়লেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। চলতি বছরের দুর্গাপুজোর এক অনুষ্ঠানে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্বেগ নিয়েই এবার হাসপাতালে গিয়ে দেখা করলেন অসুস্থ গায়কের সঙ্গে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য