
বাংলা-সহ দেশের ১২টি রাজ্যে ভোটার তালিকার এসআইআর বা নিবিড় সংশোধন চলছে। বাংলায় এই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ১৬ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা, আর চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ঠিক হয়েছে ১৪ ফেব্রুয়ারি। খসড়া তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ যাওয়ার সম্ভাবনা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে উদ্বাস্তু ও মতুয়া মহলে। এ নিয়েই সম্প্রতি বাংলার বিজেপি সাংসদদের সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআর নিয়ে মানুষের মনে কোনও আতঙ্ক তৈরি না হয়, বিশেষত মতুয়া সমাজের মধ্যে সে বিষয়ে সচেতন থাকতে বলেছিলেন তিনি।
এমন পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিতে আগামী সপ্তাহে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। নদিয়ার রানাঘাটের তাহেরপুরে একটি বড় জনসভায় অংশ নেবেন তিনি যে এলাকা উদ্বাস্তু অধ্যুষিত বলে পরিচিত। রাজনৈতিক মহলের মতে, একই সঙ্গে মতুয়া ও উদ্বাস্তু ভোটব্যাঙ্ককে নজরে রেখেই প্রধানমন্ত্রী এই কর্মসূচি ঠিক করেছেন।
আগামী ২০ ডিসেম্বর তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা হবে। মতুয়া ভোটারদের প্রভাবশালী অঞ্চলগুলিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। ২০২৬ সালের ভোটের আগে বাংলায় মোট ১০টি জনসভা করার পরিকল্পনা রয়েছে মোদির। এরই মধ্যে আলিপুরদুয়ার, দমদম এবং দুর্গাপুরে তিনটি সভা হয়ে গেছে। এবার এসআইআর প্রক্রিয়ার মাঝেই রানাঘাট থেকে শুরু হচ্ছে পরবর্তী ধাপের রাজনৈতিক প্রচার। তাহেরপুরে সভাস্থলে প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
এ দিন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আগামী ২০ তারিখ প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন। তাহেরপুরের মাঠে জনসভা করবেন। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করা হবে। বিহারের জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন গঙ্গা বাংলা হয়েও যায়। তাই আমরা আশা করব, আগামী নির্বাচনে বিহারের মতোই বদল এখানেও দেখা যাবে।’’
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঠাকুরনগরের পাশাপাশি নদিয়ার রানাঘাট এলাকাও আজ মতুয়াদের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত। তাই ভোটের আগে তাঁদের মন ধরে রাখতেই মোদির প্রচারসূচি রানাঘাট থেকেই শুরু করা হচ্ছে।



