ফুটবল

দিল্লিতে মেসি–ক্রিকেটের মেলবন্ধন, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট তুলে দিলেন জয় শাহ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Lionel Messi : দিল্লিতে মেসি–ক্রিকেটের মেলবন্ধন, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট তুলে দিলেন জয় শাহ - West Bengal News 24

ভারত সফরের শেষ পর্বে রাজধানী দিল্লিতে পা রাখলেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। আগামী বছর ভারতের মাটিতে আয়োজিত হতে চলা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে মেসিকে আমন্ত্রণ জানানো হয়। আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজে উদ্যোগ নিয়ে বিশ্বকাপের টিকিট তুলে দেন মেসির হাতে। ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আমেরিকা সেই ম্যাচ দেখার আমন্ত্রণও জানানো হয়েছে তাঁকে। শুধু তাই নয়, তিন আর্জেন্তিনীয় ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় টিম ইন্ডিয়ার জার্সিও। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলি ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

হায়দরাবাদ ও মুম্বই সফরের পর মেসির ‘গোট ট্যুর’-এর শেষদিকের গন্তব্য ছিল দিল্লি। স্বাভাবিকভাবেই রাজধানীতেও ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। যদিও দিল্লিতে পৌঁছতে কিছুটা দেরি হওয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ বাতিল হয়। তবু দীর্ঘ অপেক্ষার পরেও অরুণ জেটলি স্টেডিয়ামে জড়ো হওয়া ভক্তদের উৎসাহে ভাটা পড়েনি। মুম্বইয়ে শচীন তেণ্ডুলকরের সঙ্গে সাক্ষাতের মতোই আরেকটি স্মরণীয় মুহূর্তের আশায় ছিলেন দিল্লির ক্রীড়াপ্রেমীরা।

দিল্লিতেও ক্রিকেট ও ফুটবলের মেলবন্ধন ধরা দিল। ভারতে ক্রিকেট যে আবেগের জায়গা দখল করে আছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই নামবে। সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে যদি গ্যালারিতে উপস্থিত থাকেন লিওনেল মেসি সেই ভাবনাতেই রোমাঞ্চিত ভক্তরা। সেই কারণেই মেসির হাতে বিশ্বকাপের টিকিট তুলে দেওয়া হয়। পাশাপাশি তিন ফুটবলারের প্রত্যেককেই দেওয়া হয় মেন ইন ব্লু জার্সি মেসির জার্সিতে ছিল ‘১০’, সুয়ারেজের ‘৯’ এবং ডি পলের ‘৭’ নম্বর। মেসির হাতে তুলে দেওয়া হয় তাঁর সই করা একটি ক্রিকেট ব্যাটও।

এর পাশাপাশি মিনার্ভা অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটান মেসি। তাদের সঙ্গে ছবি তোলেন এবং গোটা স্টেডিয়াম ঘুরে দেখেন। গ্যালারির দিকে বল ছোড়েন, যা কুড়িয়ে নিতে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এই সময় উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া এবং ভারতীয় মহিলা দলের প্রাক্তন গোলকিপার অদিতি চৌহান। দিল্লি সফর সফলভাবে শেষ হলেও, মেসির কলকাতা না আসার আক্ষেপ যেন শহরের ভক্তদের মনখারাপ আরও বাড়িয়ে দিল।

আরও পড়ুন ::

Back to top button