রাজ্য

অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ, তদন্তকালীন ক্রীড়াদপ্তরের দায়িত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Aroop Biswas : অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ, তদন্তকালীন ক্রীড়াদপ্তরের দায়িত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - West Bengal News 24

ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলার প্রেক্ষিতে দায়িত্ব নিয়ে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন অরূপ (Aroop Biswas Resign)। সেই অনুযায়ী তাঁকে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলাকালীন ওই দপ্তর আপাতত নিজেই সামলাবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে অরূপ জানান, গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীতে উপস্থিতি ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি দপ্তরের দায়িত্ব থেকে সরে থাকতে চান। সূত্রের খবর, অরূপের সেই আবেদন মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দেখভাল করবেন মুখ্যমন্ত্রী নিজেই। তবে অরূপ বিশ্বাস তাঁর হাতে থাকা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী হিসেবে বহাল থাকছেন এবং আগের মতোই সেই দপ্তরের কাজ সামলাবেন।

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর ‘গোট ট্যুরে’ যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। কিন্তু অভিযোগ ওঠে, টিকিট কেটে এসেও বহু দর্শক মেসিকে দেখতে পাননি। আর্জেন্টাইন তারকা মাঠ ছাড়ার পর গ্যালারি থেকে বোতল ছোড়া, ব্যানার ভাঙচুর এবং ব্যারিকেড টপকে মাঠে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনা ঘটে। ওই সময় মেসির সঙ্গে যুবভারতীতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। অব্যবস্থাপনার অভিযোগে মূল আয়োজক শতদ্রু দত্তকে ইতিমধ্যেই ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

যুবভারতীর ঘটনার পরপরই মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে সেই কমিটি দ্রুত কাজ শুরু করে। প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে রাজ্য একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিট গঠন করা হয়েছে। শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। পাশাপাশি শোকজ নোটিস পাঠানো হয়েছে বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকে। বিধাননগরের ডিসি অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button