রাজ্য

‘অর্থনীতির মেরুদণ্ড’, নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা মমতার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : ‘অর্থনীতির মেরুদণ্ড’, নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা মমতার - West Bengal News 24

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার। শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সেই লক্ষ্যেই প্রতি বছর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যার হাত ধরে রাজ্যে বিনিয়োগ বেড়েছে, আয়ও বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরের মাধ্যমে রাজ্যে লগ্নি টানার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা নিয়েছেন। তবু বিরোধীদের তরফে রাজ্যের শিল্প ও কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠতে থাকে। তবে বুধবার নেতাজি ইন্ডোরে আয়োজিত ব্যবসায়ী সম্মেলনের মঞ্চ থেকে কাজের হিসাব তুলে ধরে সেই সমালোচনার জবাব দেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের ‘অর্থনীতির মেরুদণ্ড’ বলে উল্লেখ করে তাঁদের পাশে থাকার বার্তাই দেন তিনি।

সম্মেলনের শুরুতেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব তুলে ধরেন মমতা। বলেন, ” বাংলায় ৬৬০টির বেশি এমএসএমই ক্লাস্টার রয়েছে। ১ কোটি ৩০ লক্ষ মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত। মহিলারাও এগিয়ে রয়েছেন। কয়েক লক্ষ কর্মসংস্থান হয়েছে।” ব্যবসার জন্য বাংলা যে উপযুক্ত রাজ্য, সে কথাও বারবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। অনলাইন কেনাকাটার প্রসার হলেও রাজ্যের অর্থনীতিতে খুচরো ব্যবসায়ীদের ভূমিকা যে অপরিসীম, সে কথাও স্পষ্ট করেন তিনি। তাঁর কথায়, “অসংগঠিত ক্ষেত্রে ৬৫ লক্ষ ব্যবসায়ী রয়েছেন। রাজ্যে খুচরো ব্যবসায়ীরাই বাংলার অর্থনীতির মেরুদণ্ড।”

এদিন কেন্দ্রের নোটবন্দির সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি গত কয়েক বছরে রাজ্যের উন্নয়নের পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বেকারত্বের হার ছিল ৪০ শতাংশ। আমরা কমিয়েছি। ৬টি ইকোনমিক করিডর বানাচ্ছি। তার চারপাশে শিল্প, দোকান তৈরি হবে। খুচরো বিক্রেতারা লাভবান হবেন। লজিস্টিককে আমরা শিল্পের মর্যাদা দিয়েছি। কলকাতা, শিলিগুড়ি এক্সপোর্ট সেন্টার খোলা হয়েছে।”

ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে এদিন একটি নতুন পোর্টালও চালু করা হয়। সরকারি কাজ শেষ করার পর যাতে অর্থপ্রাপ্তিতে কোনও জটিলতা না থাকে, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। নির্দিষ্ট পোর্টালে কাজের তথ্য আপলোড করার পর সংশ্লিষ্ট ৭২টি ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার মাধ্যমে দ্রুত টাকা মিটবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ওই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আগামী দিনে রাজ্যের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button