রাজ্য

হঠাৎই ‘মা ক্যান্টিনে’ মুখ্যমন্ত্রী, সব ঠিক চলছে? খোঁজ নিয়ে নিজে খাবার তুলে দিলেন প্রবীণদের হাতে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : হঠাৎই ‘মা ক্যান্টিনে’ মুখ্যমন্ত্রী, সব ঠিক চলছে? খোঁজ নিয়ে নিজে খাবার তুলে দিলেন প্রবীণদের হাতে - West Bengal News 24

বুধবার সকালে কলকাতার রাস্তায় নজর কাড়ল এক ব্যতিক্রমী দৃশ্য। নিজের উদ্যোগে চালু হওয়া ‘মা ক্যান্টিনে’ আচমকাই হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্যান্টিনের পরিষেবা ঠিকঠাক চলছে কি না, তা খতিয়ে দেখেন তিনি। শুধু দেখাই নয়, নিজে হাতে খাবার তুলে দেন বয়স্ক মানুষদের হাতে। মুখ্যমন্ত্রীর এই সরল উপস্থিতিতে আপ্লুত হয়ে পড়েন সেখানে থাকা সাধারণ মানুষ।

পাহাড় থেকে জঙ্গল জেলা সফরে জনসংযোগে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নতুন নয়। কখনও শিশুদের স্নেহে কাছে টেনেছেন, কখনও আবার পথের ধারের দোকানে ঢুকে নিজেই বানিয়েছেন চা বা মোমো। এসআইআর আবহের মধ্যেও তার ব্যতিক্রম হয়নি। বুধবার শহর কলকাতায় আবারও সেই জনদরদী রূপ ধরা পড়ল। জানা গিয়েছে, সকালে একটি ‘মা ক্যান্টিনে’ পৌঁছে গিয়ে সাধারণ মানুষের হাতে নিজেই খাবার তুলে দেন মুখ্যমন্ত্রী। তালিকায় ছিলেন বহু প্রবীণ মানুষ। মুখ্যমন্ত্রীর হাত থেকে খাবার পেয়ে তাঁদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। আশীর্বাদও করেন ক্যান্টিনে আসা বয়স্করা। উল্লেখ্য, মঙ্গলবারই রাজ্যজুড়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে প্রায় ৫৫ লক্ষ নাম বাদ পড়ার তথ্য সামনে এসেছে। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর নিজের বুথেও বাদ গিয়েছে শতাধিক নাম। সেই বিষয় খতিয়ে দেখার মধ্যেই এদিন সকালে তাঁর এই উপস্থিতি স্থানীয়দের আরও আপ্লুত করেছে।

এই ঘটনাকে ঘিরে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছে তৃণমূল। সেখানে লেখা হয়েছে, “মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মানুষের মুখ্যমন্ত্রী, মানুষের সুখ-দুঃখের সাথী। গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে তিনি চালু করেছিলেন ‘মা ক্যান্টিন’। আজ হঠাৎই কলকাতার এক মা ক্যান্টিনে হাজির হলেন তিনি, নিজের হাতে ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিলেন অন্ন। তাঁকে কাছে পেয়ে দারুণ খুশি আগত মানুষজন, প্রাণ ভরে আশীর্বাদ করলেন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারা।”

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হয় ‘মা ক্যান্টিন’। এখানে দুপুরে মাত্র ৫ টাকায় ভাত, ডাল ও ডিমের ঝোল পাওয়া যায়। অল্প সময়ের মধ্যেই এই ক্যান্টিন জনপ্রিয়তা লাভ করে এবং সেই ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে। চলতি বছরের শুরুতে বিধানসভায় ফিরহাদ হাকিম জানান, রাজ্যের ৩৩টি জেলা হাসপাতালে মা ক্যান্টিন চলছে। এর জন্য রাজ্যের খরচ হয়েছে প্রায় ১২৯ কোটি টাকা। প্রতি মাসে প্রায় ২১.৩৯ লক্ষ মানুষ এই ক্যান্টিন থেকে ডিম-ভাত খান এবং এখনও পর্যন্ত প্রায় ৭ কোটি ২৯ লক্ষ মানুষ এখানে খাবার পেয়েছেন। মমতার এই উদ্যোগকে অনুসরণ করেই দিল্লিতে বিজেপি সরকার চালু করেছে ‘অটল ক্যান্টিন’।

আরও পড়ুন ::

Back to top button