রাজ্য

১০০ দিনের কাজে ‘গান্ধী’ বাদ, পাল্টা ‘মহাত্মা-শ্রী’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

১০০ দিনের কাজে ‘গান্ধী’ বাদ, পাল্টা ‘মহাত্মা-শ্রী’ ঘোষণা মুখ্যমন্ত্রীর - West Bengal News 24

১০০ দিনের কাজের প্রকল্প থেকে ‘গান্ধী’ নাম সরানোর পথে আরও এক ধাপ এগোল কেন্দ্রের মোদি সরকার। বিরোধীদের তীব্র আপত্তি ও সংসদে হইচইয়ের মধ্যেই সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় পাশ হল ‘জিরামজি’ বিল। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি তিনি ঘোষণা করেন, রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে ‘মহাত্মা-শ্রী’ রাখা হবে। বিজেপি সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ”মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে, তাহলে আমরা করব।”

বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে এই প্রসঙ্গে সরব হন প্রশাসনিক প্রধান। সেখান থেকেই ১০০ দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ”মনরেগা (১০০ দিনের কাজের প্রকল্প) থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হল! লজ্জা হচ্ছে, আমরা জাতির জনককে ভুলে যাচ্ছি।” একই মঞ্চ থেকে তিনি জানান, রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে ‘মহাত্মা-শ্রী’ রাখা হবে। তাঁর বক্তব্য, নেতাজি থেকে গান্ধীজি—সব স্বাধীনতা সংগ্রামীকেই সম্মান দিতে জানে বাংলা।

উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলের বিল সংসদে পেশ করেন। মনরেগা বা MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act)-এর নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G (সংক্ষেপে জি রাম জি) করার প্রস্তাব দেওয়া হয়েছে ওই বিলে। পাশাপাশি বছরে কাজের দিনের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ১২৫ দিন করার কথাও বলা হয়েছে। তবে একই সঙ্গে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব থাকায় রাজ্যগুলির আর্থিক চাপ বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী দলগুলি।

সংসদের অন্দরের পাশাপাশি বাইরে থেকেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিরোধীরা। ১০০ দিনের কাজের প্রকল্প থেকে গান্ধীর নাম সরানোর প্রতিবাদে সংসদ চত্বরে ব্যানার ও পোস্টার হাতে মিছিল করেন ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেও ওই মিছিলে অংশ নেন। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তাঁদের স্পষ্ট দাবি, প্রকল্পের নাম থেকে গান্ধীর নাম কোনওভাবেই বাদ দেওয়া যাবে না। এই আবহেই বিষয়টি নিয়ে আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন ::

Back to top button