ক্রিকেট

জানা সত্ত্বেও কেন লখনউয়ে ম্যাচ? ক্রিকেটমহলের প্রশ্নে চাপে বোর্ড

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

জানা সত্ত্বেও কেন লখনউয়ে ম্যাচ? ক্রিকেটমহলের প্রশ্নে চাপে বোর্ড - West Bengal News 24

শীত এলেই উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়ে এ নতুন কিছু নয়। এই বিষয়টি নিয়ে আদালত থেকে রাজনীতি, সব স্তরেই বহুবার আলোচনা হয়েছে। তবু সেই বাস্তবতাকে উপেক্ষা করেই কেন মাঝ ডিসেম্বরের মতো সময়ে লখনউয়ে আন্তর্জাতিক ম্যাচ নির্ধারণ করা হল, তা নিয়েই এখন তীব্র বিতর্কে ভারতের ক্রিকেটমহল। ক্রিকেটপ্রেমীদের ক্ষোভের মুখে পড়ে এবার ম্যাচ আয়োজনের নীতিতেই বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে বিসিসিআই।

বুধবার সন্ধ্যা সাতটা থেকে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত বায়ুদূষণের জেরে তৈরি ঘন কুয়াশার কারণে শেষ মুহূর্তে টস পিছিয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মাঠে দু’হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। এই অবস্থায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। ক্রিকেট মহলের একাংশের দাবি, শীতকালে উত্তর ভারতে বায়ুদূষণের মাত্রা ভয়াবহ আকার নেয় এ কথা সকলেরই জানা। ফলে লখনউয়ে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তা অনুমান করা কঠিন ছিল না। তা হলে কেন আগে থেকে সতর্ক ব্যবস্থা নেওয়া হল না? বোর্ডের অন্দরমহলের অনেকেরই মত, এই সময়ে উত্তর ভারতে ম্যাচ দেওয়াই ছিল ভুল সিদ্ধান্ত।

ম্যাচ বাতিল হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, “লখনউয়ে টি-২০ ম্যাচ বাতিল হয়েছে, সেটা নিয়ে সকলেই খুব হতাশ। সমস্ত প্রস্ততি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ধোঁয়াশার কারণে ম্যাচটা বাতিল হল। আসলে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত উত্তর ভারতে ধোঁয়াশার সমস্যাটা খুব বেশি থাকে। তবে আগামী দিনে সূচি তৈরির সময় এই বিষয়টা অবশ্যই মনে রাখা হবে।”

এই ম্যাচ বাতিলের পর দায় কার, তা নিয়েও প্রশ্ন উঠছে। লখনউয়ের বায়ুর এই ভয়াবহ অবস্থার জন্য রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের ভূমিকাও আলোচনায় এসেছে। এর মধ্যেই সামনে এসেছে আরেকটি প্রশ্ন—আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাদা বলের সিরিজের ম্যাচগুলি যখন দক্ষিণ ও পশ্চিম ভারতের বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে, তখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচটিও সেখানে আয়োজন করা হল না কেন? এই সব প্রশ্নের মাঝেই বিসিসিআইয়ের ম্যাচ সূচি ও ভেন্যু নির্বাচনের নীতি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button