রাজ্য

পরমব্রত-পিয়ার পুত্রের অন্নপ্রাশনে মুখ্যমন্ত্রী, আদরে ভরিয়ে নিষাদকে দিলেন বিশেষ উপহার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : পরমব্রত-পিয়ার পুত্রের অন্নপ্রাশনে মুখ্যমন্ত্রী, আদরে ভরিয়ে নিষাদকে দিলেন বিশেষ উপহার - West Bengal News 24

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর পুত্র নিষাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার টালিগঞ্জ ক্লাবের ফার প্যাভিলিয়নে আয়োজিত এই অনুষ্ঠানটি কার্যত হয়ে উঠেছিল চলচ্চিত্র জগত ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের ‘মিলনক্ষেত্র’। খুদে ‘নডি’কে ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশে হাজির ছিলেন টলিপাড়ার তারকারা থেকে শুরু করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে বিশেষ মাত্রা।

ব্যস্ত কর্মসূচির মাঝেও অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে নিষাদকে আশীর্বাদ করতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। আদর করে শিশুটির মা-বাবার হাতে তুলে দেন বিশ্ববাংলার একটি বিশেষ উপহার। অন্নপ্রাশনের আয়োজন ছিল গোলাপি রঙের থিমে। সেই অনুযায়ী গোলাপি ধুতি-পাঞ্জাবিতে সাজানো হয়েছিল নিষাদকে। একই রঙের পোশাকে সেজে ছেলের সঙ্গে মিল রেখেছিলেন পরমব্রত ও পিয়াও।

সোমবার, ২২ ডিসেম্বর অনুষ্ঠিত এই অন্নপ্রাশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার প্রায় সব পরিচিত মুখ। অপর্ণা সেন, অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক, সস্ত্রীক আবির চট্টোপাধ্যায়, জয়া আহসান, রাইমা সেন, ঋতাভরী চক্রবর্তী, অনুষা বিশ্বনাথন, ইশা সাহা, পার্ণো মিত্র-সহ বহু তারকাকে দেখা যায় অনুষ্ঠানে। পাশাপাশি শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং, রানা সরকারের মতো প্রযোজকরাও উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহল থেকে নজর কাড়েন অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, কাউন্সিলর-অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়, শতরূপ ঘোষেরা। অনুষ্ঠানে খোশমেজাজে আড্ডা দিতেও দেখা যায় অনিরুদ্ধ রায়চৌধুরি ও অনিন্দ্য চট্টোপাধ্যায়কে।

উল্লেখ্য, রিসেপশন অনুষ্ঠান নিয়ে তুলনামূলকভাবে গোপনীয়তা থাকলেও পুত্র নিষাদের অন্নপ্রাশনে ছিল জমজমাট আয়োজন। অতিথিদের আপ্যায়নেও কোনও ত্রুটি রাখেননি পরমব্রত ও পিয়া। মধ্যাহ্নভোজে ছিল ভাত, মুগ ডাল, ফিশ ফ্রাই, পোলাও, দইমাছ, মাটন কষা, ফুলকপির রোস্ট। শেষপাতে পরিবেশন করা হয় নকুরের মিষ্টি, সন্দেশ ও চমচম।

সম্প্রতি ফেডারেশনের সঙ্গে মতবিরোধ নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিতর্ক যখন ধীরে ধীরে স্তিমিত, ঠিক সেই সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে আবার দেখা যায় তাঁকে। উদ্বোধনী অনুষ্ঠানে জুন মালিয়ার সঙ্গে যৌথ সঞ্চালনায় ছিলেন অভিনেতা-পরিচালক। পরে এক ভিডিও বার্তায় তিনি জানান, ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে যাওয়া তাঁর ‘হঠকারী সিদ্ধান্ত’ ছিল। সোমবারের এই পারিবারিক অনুষ্ঠান যেন সেই পুরনো বিতর্কে ‘মলমে’র কাজ করল।

আরও পড়ুন ::

Back to top button