বাংলাদেশে নৈরাজ্যের চরম ছবি! প্রথম আলো ও ডেলি স্টারের দপ্তরে লুট, সেই টাকায় টিভি-ফ্রিজ কেনার অভিযোগ
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে চলা একের পর এক অশান্ত ঘটনার তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনল পুলিশ। হাসিনা-বিরোধী তরুণ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর জনতার ক্ষোভ গিয়ে পড়ে সংবাদপত্রের দপ্তরের উপর। সেই উত্তেজনার জেরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হয় প্রথম আলো ও ডেলি স্টারের কার্যালয়। অভিযোগ, লুট করা টাকার একাংশ দিয়ে হামলাকারীরা টেলিভিশন ও ফ্রিজ কিনেছে। সোমবার সাংবাদিক বৈঠকে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। উদ্ধার করা হয়েছে সেই সামগ্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে ওসমান হাদির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ক্ষুব্ধ জনতার আক্রমণের মুখে পড়ে সংবাদপত্রের দপ্তরগুলি। ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং লুটপাট চালানো হয়। একইভাবে ডেলি স্টারের দপ্তরেও হামলা হয়।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, দুই সংবাদপত্রের কার্যালয় মিলিয়ে প্রায় ৩২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত অন্তত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হামলার রাতে বিপুল পরিমাণ নগদ অর্থ লুট করে। জেরার মুখে সে বিষয়টি স্বীকারও করেছে। তার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতের দাবি, লুট করা বাকি টাকা দিয়ে সে টেলিভিশন ও ফ্রিজ কিনেছিল। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ওই সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এই ঘটনা আবারও বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। এর আগেও ২০২৪ সালে হাসিনা সরকারের পতনের সময় গণভবনে লুটপাট ও ভাঙচুরের ছবি দেখেছিল দেশ। ২০২৫ সালের শেষে এসে ফের সেই অস্থিরতারই পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশে।



