রাজনীতিরাজ্য

নতুন দল ঘোষণা হুমায়ুন কবীরের, প্রার্থী তালিকায় একাধিক ‘হুমায়ুন’ ও হিন্দু মুখ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Humayun Kabir : নতুন দল ঘোষণা হুমায়ুন কবীরের, প্রার্থী তালিকায় একাধিক ‘হুমায়ুন’ ও হিন্দু মুখ - West Bengal News 24

বেলডাঙায় বারবি মসজিদের শিলান্যাসের কয়েকদিনের মধ্যেই পূর্বঘোষণা অনুযায়ী সোমবার নিজের নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করলেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’। একইসঙ্গে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য একাধিক আসনে প্রার্থীর নামও প্রকাশ করেন। সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় একাধিক প্রার্থীর নামই হুমায়ুন কবীর। ফলে আগামী বিধানসভা ভোটে বিভিন্ন কেন্দ্রে ‘হুমায়ুন বনাম হুমায়ুন’ লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। দলের চেয়ারম্যানের দাবি, এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বড় চমক হিসেবেই ধরা হচ্ছে। পাশাপাশি নতুন দলে হিন্দু প্রার্থীদেরও জায়গা দেওয়া হয়েছে।

এদিন হুমায়ুন কবীর জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি নিজে রেজিনগর ও বেলডাঙা এই দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুই কেন্দ্রেই জয় নিশ্চিত বলে আত্মবিশ্বাসী প্রাক্তন তৃণমূল নেতা। তবে তিনি একাই নন, তাঁর দলের হয়ে আরও একাধিক হুমায়ুন কবীর প্রার্থী হচ্ছেন বলেও জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, রানিনগর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন আর এক হুমায়ুন কবীর, যিনি পেশায় চিকিৎসক। উল্লেখযোগ্যভাবে, তিনি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করলেও জয় পাননি। সেই হুমায়ুনকেই এবার প্রার্থী করে চমক দিতে চাইছে নতুন দল।

এছাড়াও ভগবানগোলা কেন্দ্র থেকে আরও এক হুমায়ুন কবীরকে প্রার্থী করা হয়েছে, যিনি পেশায় ব্যবসায়ী। পাশাপাশি নাম প্রকাশ না করলেও বীরভূম থেকে আরও এক হুমায়ুন কবীরকে প্রার্থী করা হবে বলেও জানান দলের চেয়ারম্যান। শুধু মুসলিম প্রার্থীই নয়, ‘জনতা উন্নয়ন পার্টি’র হয়ে একাধিক হিন্দু প্রার্থীও লড়াই করছেন। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মনীষা পাণ্ডে এবং বালিগঞ্জ থেকে নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। এদিন আরও কয়েকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করা হয়। হুমায়ুন কবীরের দাবি, বাংলার মানুষের সার্বিক উন্নয়নই তাঁর দলের মূল লক্ষ্য, এবং খুব শিগগিরই দলের ইস্তেহার প্রকাশ করা হবে।

এদিকে দল ঘোষণার মঞ্চ থেকেই শাসক দলের একাধিক শীর্ষ নেতাকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন সাসপেন্ডেড বিধায়ক। একদিকে ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ”যেদিন মাথা গরম হবে, এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে ফিরহাদের অফি ঘেরাও করব।” অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বগুণের প্রশংসাও শোনা যায় তাঁর কণ্ঠে। এই দুই বিপরীতমুখী বার্তা রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য