বলিউড

‘ডন ৩’ থেকে সরে গেলেন রণবীর সিং! বছর শেষে জল্পনার কেন্দ্রে ‘ধুরন্ধর’-এর সাফল্য

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Ranveer Singh : ‘ডন ৩’ থেকে সরে গেলেন রণবীর সিং! বছর শেষে জল্পনার কেন্দ্রে ‘ধুরন্ধর’-এর সাফল্য - West Bengal News 24

২০২৩ সালে ‘ডন ৩’-এর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই ছবিটিকে ঘিরে বিতর্ক থামেনি। রণবীর সিংকে ‘ডন’ চরিত্রে দেখেই একাংশের দর্শক-অনুরাগী আপত্তি তুলেছিলেন, আবার কাস্টিং বদল নিয়েও বারবার চর্চায় উঠে এসেছে পরিচালক ফারহান আখতারের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। আর বছরশেষে এল বড় খবর ‘ডন ৩’ থেকে নাকি সরে দাঁড়ালেন রণবীর সিং।

অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মতো তারকাদের আইকনিক অভিনয়ের স্মৃতি এখনও দর্শকদের মনে টাটকা। সেই জায়গায় রণবীর সিংয়ের ব্যক্তিত্ব এই চরিত্রের সঙ্গে মানানসই নয় বলেই প্রথম ঝলক প্রকাশের পর দাবি করেছিলেন অনেকেই। যদিও তখন সেই বিতর্কে খানিকটা জল ঢেলে পরিচালক ফারহান আখতার অভিনেতার ক্যারিশমার কথা তুলে ধরেছিলেন। তবে তাতেও পুরোপুরি থামেনি জল্পনা। এবার শোনা যাচ্ছে, রণবীর নিজেই এই বহু প্রতীক্ষিত মেগাবাজেট ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও অভিনেতা এখনও প্রকাশ্যে কিছু বলেননি, তবে সাম্প্রতিক কর্মকাণ্ডেই এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর সাফল্যই কি তাঁকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি থেকে দূরে সরিয়ে দিল এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

ঘনিষ্ঠ মহলের দাবি, ‘ধুরন্ধর’ ৬০০ কোটির গণ্ডি পার করার পর রণবীর ছবির বাছাইয়ে অনেক বেশি সতর্ক হয়েছেন। দীর্ঘ সময় পর এই ছবির মাধ্যমেই তাঁর কেরিয়ারের মন্দা কাটায়, তাই টানা গ্যাংস্টার ঘরানার ছবিতে কাজ করতে রাজি নন তিনি। সেই কারণেই ফারহান আখতারের ছবির বদলে সঞ্জয় লীলা বনশালি, অ্যাটলি কিংবা লোকেশ কানাগরাজের সঙ্গে কাজের দিকেই বেশি আগ্রহী অভিনেতা। পরিকল্পনা ছিল, ‘ধুরন্ধর’-এর সাফল্যের পরই শুরু হবে ‘ডন ৩’-এর শুটিং। কিন্তু বাস্তবে দেখা গেল, বছরশেষে দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে বিদেশ ভ্রমণেই ব্যস্ত রণবীর।

এখানেই শেষ নয়। ‘ডন’-এর পর ‘প্রলয়’ ছবির শুটিং শুরু করার যে পরিকল্পনা ছিল, সেই ছবির পরিচালক জয় মেহেতাকেও নাকি জানিয়ে দিয়েছেন নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার কথা। শোনা যাচ্ছে, যত দ্রুত সম্ভব এই ছবির শুটিং সেরে ফেলতেই নতুন দিনক্ষণ ঠিক করে ফেলেছেন রণবীর। ফলে প্রশ্ন উঠছেই রণবীর সিং সরে দাঁড়ালে, শাহেনশা ও বাদশার পর বড় পর্দায় নতুন ‘ডন’ হিসেবে কাকে দেখা যাবে?

আরও পড়ুন ::

Back to top button